শীর্ষেন্দুর সঙ্গে আলাপচারিতা
এর আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছিলেন পশ্চিমবঙ্গের লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এখানে এলে কোনো হোটেল কিংবা গেস্টহাউসে ওঠেন না তিনি। পুরান ঢাকার শাঁখারীবাজারের ‘অনুকূল আশ্রম’ই পছন্দ। এবারও উঠেছেন সেখানে। আশ্রমের অনতি দূরে বুড়িগঙ্গা নিয়ে তাঁর আক্ষেপ, ‘বুড়িগঙ্গা নদীকে নিয়ে বাংলা সাহিত্যে অনেক লেখা হয়েছে। তাই যখন দেখি বুড়িগঙ্গা ক্রমেই মৃত নদীতে পরিণত হচ্ছে, তখন দুঃখ হয়।’শীর্ষেন্দু মুখোপাধ্যায় ঢাকায় এসেছেন গত শনিবার এইচএসবিসি-কালি ও কলম সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে। গতকাল ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে তাঁর সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বেঙ্গল শিল্পালয়। দুপুরে অতিথি শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বাংলাদেশের সমসাময়িক লেখক-কবিরা এতে অংশ নেন। শুভেচ্ছা বক্তব্যে শীর্ষেন্দু বলেন, ‘বাংলাদেশ কখনোই আমার কাছে বিদেশ নয়। এ দেশেই আমার জন্ম। তাই এখানে এলেই মনে হয়, নিজের বাড়িতে এসেছি।’অনুষ্ঠানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, জিল্লুর রহমান সিদ্দিকী ও আবুল হাসনাত। অনুষ্ঠানে উপস্থিত লেখক ও পাঠকেরা সাহিত্য, ভাষার প্রয়োগ, পরিবেশ, অভিন্ন নদ-নদী ও সমকালীন রাজনীতি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। শীর্ষেন্দু এসব প্রশ্নের জবাবে জোর দিয়ে বললেন, ‘বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখবে বাংলাদেশ। বাংলাদেশ ভাষার জন্য লড়াই করে তার প্রমাণ রেখেছে। তবে এখানে গদ্যের চর্চা খুব কম হচ্ছে। যদি নতুন নতুন বাক্য গঠনপ্রণালির চর্চা করা না হয়, তবে গদ্য খুব সাদামাটা হয়ে যাবে। অনেক লেখকেরই ভাবনা হয় খুব নতুন, উপযুক্ত। কিন্তু উপযুক্ত বাক্যে তা বলা না হলে ভাবনাটা মরে যায়। এর জন্য পরিশ্রম করতে হবে। অনুশীলন করতে হবে।’ বাংলাদেশ-ভারত নদী সমস্যার বিষয়ে বলেন, ‘দুই বাংলার বুদ্ধিজীবীদের নদী সমস্যায় ঐক্যবদ্ধ হতে হবে।’এক প্রশ্নের জবাবে লেখক বলেন, পাঠকের কাছে আমার কোনো প্রত্যাশা নেই। প্রত্যাশা রেখে লিখি না। তাহলে আপস করতে হতো। লেখক যদি পাঠকের কথা ভেবে লিখতে থাকে তবে তা সর্বনাশের ব্যাপার।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, রেজাউর রহমান, বিশ্বজিৎ ঘোষ, সাজ্জাদ শরিফ, আনিসুল হক, হাবিবুল্লাহ সিরাজী, মাকিদ হায়দার, জাহিদ হায়দার প্রমুখ।