শীলাদেবীর ঘাট সংস্কার প্রয়োজন
হিন্দুধর্মাবলম্বী মানুষের ধারণা করতোয়ার জল পবিত্র। পাপতাপ সব ক্ষয় হয় করতোয়ার ধারায়। অনেক আগের কথা। পরশুরামের বোন শীলাদেবী। ধর্মকর্ম নিয়েই থাকেন সব সময়। কিন্তু বেশ কিছু দিন থেকে তাঁর শান্তি নেই। দেশেও অশান্তি। আত্মশুদ্ধির জন্য করতোয়ার জলে আত্মাহুতি দিলেন শীলাদেবী। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে করতোয়া নদী। শীলাদেবী যে স্থানে আত্মাহুতি দেন সেই স্থানটি শীলাদেবীর ঘাট নামে পরিচিত। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীতে শীলাদেবীর ঘাটে স্নান হয়। পুণ্যার্থীরা পাপতাপ বিসর্জন দেন করতোয়ার জলে। দেশ-বিদেশ থেকে হাজার হাজার মানুষ আসেন স্নান করতে। এ ছাড়া প্রতি ১২ বছর পরপর পৌষ নারায়ণী যোগেও স্নান হয় এখানে। কথিত আছে, করতোয়ার এই ঘাটে স্নান করে ত্রিরাত্রি উপবাস করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য হয়। হাজার বছরের ঐতিহ্য করতোয়ার এই স্নানোৎসবকে বাঙালি হিন্দুরা ভারতের গঙ্গাস্নানের মতোই পবিত্র মনে করেন। এখানে স্নানোৎসব উপলক্ষে আদিকাল থেকেই বহুসংখ্যক পুরোহিতসহ ধর্মানুরাগীদের সমাগম ঘটে। শীলাদেবীর ঘাট ইতিহাসের সাক্ষী। এই ঘাট নিয়ে তৈরি হয়েছে অনেক কল্পকথা। আজ তীর্থভূমি হিসেবে পরিচিত মানুষের কাছে। এমনিতেও অনেক দর্শনার্থী আসেন এ ঘাটে। কিন্তু ইতিহাসের অংশ এই ঘাট সংস্কারের অভাবে এখন বিলুপ্ত প্রায়।দেখা গেছে, করতোয়া নদী বলতে এখন যা রয়েছে তা শুকিয়ে সারা বছর হাঁটু সমান পানিও থাকে না। এ ছাড়া ঘাটে আসতে যে সামান্য সড়ক রয়েছে সেটাও কাঁচা, এবড়োথেবড়ো হয়ে পড়েছে। আর এ ঘাটে এসে মানুষের রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাতে হয়। সাত বছর আগে এ ঘাট এলাকায় রোদ-বৃষ্টির সময় মানুষের আশ্রয় নেওয়ার জন্য স্থানীয়ভাবে একটি যাত্রীছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু কিছু দূর কাজ এগোনোর পরেই টাকার অভাবে তা বন্ধ হয়ে যায়। এসব সমস্যা সমাধানে মহাশ্মশান কর্তৃপক্ষ বিভিন্ন জায়গাতে ধরনা দিয়ে যাচ্ছেন। আশ্বাসও পাচ্ছেন। কিন্তু সমস্যার আর সমাধান হচ্ছে না।মহাতীর্থ শীলাদেবীর ঘাট ও মহাশ্মশান উন্নয়ন কমিটির সভাপতি শিশির কুমার সাহা জানান, ধর্মাবলম্বীদের কাছে অতি গুরুত্বপূর্ণ শীলাদেবীর ঘাট অবহেলা-অনাদরে পড়ে আছে। বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও প্রয়োজনীয় টাকার সংস্থান করা যায়নি। ফলে প্রতিবছরই দেশ-বিদেশ থেকে আগত পুণ্যার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান বলেন, শীলাদেবী ঘাটের উন্নয়নের জন্য তিনি আগে উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছেন। বিষয়টি তিনি সংসদে উপস্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান।