রাজধানীর বাজারে এবার বেড়েছে শুকনা মরিচ ও রসুনের দাম। এক সপ্তাহের ব্যবধানে এ দুই পণ্যের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে দুই টাকা কমলেও দেশি পেঁয়াজের দাম বেড়েছে দুই টাকা।চালের দাম আর বাড়েনি। কমেছে শীতের সবজির দাম। গতকাল শুক্রবার কারওয়ান বাজার, হাতিরপুল ও সেগুনবাগিচা কাঁচাবাজার ঘুরে দামের এই চিত্র পাওয়া গেছে।গতকাল এসব বাজারে খুচরা দোকানে চীনা রসুন ১০৫ থেকে ১১০ টাকা এবং দেশি রসুন ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়। আগের সপ্তাহে এ দুই প্রকার রসুনের দামই কেজিতে ১০ থেকে ২০ টাকা কম ছিল। পরিশ্রম কম বলে আমদানি করা রসুনের চাহিদা বেশি, তাই দামও বেশি।প্রতি কেজি শুকনা মরিচের দাম গত সপ্তাহে মানভেদে ১৩০ থেকে ১৭০ টাকা থাকলেও গতকাল বিক্রি হয় ১৫০ থেকে ১৯০ টাকায়। আমদানি করা পেঁয়াজের সরবরাহ-সংকট কেটে যাওয়ায় দাম কিছুটা কমেছে বলে জানান কারওয়ান বাজারের ব্যবসায়ী মাঈনুদ্দীন। আগের সপ্তাহের চেয়ে কেজিতে পাঁচ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় ১৪৫ থেকে ১৫০ টাকায়। ডিমের দাম স্থিতিশীল রয়েছে। প্রতি হালি বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৬ টাকা। গরু ও খাসির মাংসের দামেও হেরফের নেই।গত তিন সপ্তাহে চালের দাম প্রতি কেজিতে বেড়েছিল তিন থেকে চার টাকা। সরবরাহ ভালো হলেও একই দামে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে গতকাল প্রতি কেজি উন্নত মানের নাজিরশাইল চাল ৪৬ থেকে ৪৮ টাকা, মিনিকেট ৪৫ থেকে ৪৮ টাকা, সাধারণ মানের নাজিরশাইল ও মিনিকেট মানভেদে ৩৬ থেকে ৪৪ টাকা, লতা ও বিআর-২৮ চাল ৩৭ থেকে ৩৮ টাকা, পারিজা ৩২ থেকে ৩৪ টাকা ও মোটা চাল ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হয়।কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, শৈত্যপ্রবাহের অজুহাতে মিলমালিকেরা চালের দাম বাড়িয়েছিলেন। এখন শৈত্যপ্রবাহ নেই, কিন্তু চালের দাম কমছে না।প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৩৪ টাকা ও খোলা সয়াবিন ১২০ থেকে ১২২ টাকায় বিক্রি হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশীয় বাজারে তার প্রভাব নেই।শীতের সবজির দাম কমেছে। প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ১৫ থেকে ১৮ টাকায়। এক মাস আগেও এই আলু ছিল ৩০ থেকে ৩২ টাকা। টিসিবির হিসাবে এক মাসে আলুর দাম কমেছে ৪৫ শতাংশ।শিম আগের সপ্তাহের ৩৫ টাকা থেকে কমে গতকাল বিক্রি হয়েছে ২৫ টাকা কেজি। এ ছাড়া মুলা ১৫ টাকা, গাজর ২০ টাকা, মটরসুটি ৩৫-৪০ টাকা, টমেটো ২০ থেকে ২৫ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা থেকে কমে ৬৫ টাকা কেজি বিক্রি হয়। সরবরাহ কম থাকায় গ্রীষ্মকালীন সবজি শসা ৬০ টাকা, করলা ১৪০ টাকা ও পটল ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।