শুকনায় ধুলা আর বর্ষায় কাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শুকনার সময় রাস্তা দিয়া হাঁটতে গেলে ধুলা যায় নাকে-চোখে আর বর্ষায় কাদা তো আছে-ই। এ রাস্তা দিয়া যতবার চলাচল করবেন ততবারই গোসল করতে হবে।’ কথাগুলো বললেন, পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের পাশের ভান্ডারিয়ার হেতালিয়া এলাকার বাসিন্দা পথচারী মোমিনুদ্দিন।সড়কের ছবি তোলার সময় মোমিনুদ্দিন বলেন, ‘রাস্তাটা হয়েছিল আশা ছিল, আমরা বাস-গাড়িতে চড়তে পারমু কিন্তু রাস্তা ভাঙ্গা থাহার কারণে বাস-গাড়ি চলে হেইরম হেইরম (যেনতেনভাবে)। আর আমাগো জানডাও শেষ।’ ৫ মে সরেজমিনে দেখা যায়, এ সড়কের ভান্ডারিয়ার চরখালী থেকে ঝাউতলা পর্যন্ত রাস্তার ইট-পাথর খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার দুপাশের গাছপালায় ধুলা পড়ে বিবর্ণ হয়ে গেছে। একটা গাড়ি চলে যাওয়ার পর ধুলায় একাকার হয়ে যায় পেছনের দিক। স্থানীয় এক মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘চাকরির জন্য প্রতিদিন বাড়ি থেকে বাসে করে মাদ্রাসায় আসতে হয়। ধুলামাখা জামাকাপড় গায়ে নিয়ে ক্লাসে পাঠদান করতে হয়।’ ইকড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. হাই বলেন, ‘এ রাস্তার দুরবস্থার বিষয়ে অনেকবার বিভিন্ন জায়গায় বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি। মানুষের দুর্ভোগ চরমে।’বাসচালক পান্না বলেন, ‘এ সড়ক দিয়ে প্রতিদিন দেড় শ থেকে ২০০ গাড়ি চলাচল করে। চরখালী থেকে গাড়ি নিয়ে এক ঘণ্টায় মঠবাড়িয়া যাওয়ার কথা থাকলেও এখন প্রায় দুই ঘণ্টা লাগে। এ সড়কে চলাচল করতে গেলে প্রায়ই গাড়ির পাতি ভেঙে যায়।’ বাসমালিক তারিকুল ইসলাম বলেন, ‘মঠবাড়িয়া রুট একসময় খুব লাভজনক ছিল আমাদের কাছে। কিন্তু রোটেশনে এ রুটে গাড়ি পড়লে অনেকেই ক্ষতির ভয়ে তা (গাড়ি) এখন চালাতে চান না।’ মোটরসাইকেলের চালক মিন্টু বলেন, ‘এ সড়কে মোটরসাইকেল চালালে ধুলায় চামড়ার ওপর আলাদা একটি চট পড়ে যায়, গাড়ির ক্ষতি তো হয়-ই। পাথরঘাটা উপজেলার বাসিন্দা বাসযাত্রী বিপ্লব রায় বলেন, ‘এ সড়ক দিয়ে বাসে চড়ে বাড়ি যেতে হলে জানডা আতে (হাতে) লইয়া যাইতে অয়।’ মঠবাড়িয়া সাফা বন্দরের পরিবহন ব্যবসায়ী গোলাম মোস্তফা বলেন, ‘গত বর্ষায় বৃষ্টির সময় গাড়ি কিছুদিন বন্ধ ছিল। এবার এক লাছা (এক পশলা) বৃষ্টি হইলে সব লাইচ্ছা যাবে।’ পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আ. রশিদ বলেন, ‘চরখালী থেকে মঠবাড়িয়া পর্যন্ত ৩১ কিলোমিটার সড়ক উন্নয়নের জন্য যে বরাদ্দ দরকার তা নেই। এ কারণে রাস্তার উন্নয়ন কাজে হাত দেওয়া যাচ্ছে না। এ সড়কের সাত কিলোমিটার জায়গার অবস্থা খুবই খারাপ। এখানকার বড় বড় গর্তগুলো ইট-খোয়া দিয়ে ১৯ এপ্রিল থেকে ভরাটের কাজ শুরু হয়েছে।’স্থানীয় সাংসদ আনোয়ার হোসেন বলেন, ‘পিএমপি প্রকল্পের আওতায় মঠবাড়িয়া সড়কের ১৪ কিলোমিটার উন্নয়নের জন্য ২০ কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে। আসন্ন বর্ষার আগে কাজ শেষ করা যাবে কি না, তা চিন্তার বিষয়। গত বর্ষায় রাস্তা বন্ধ থাকার কারণে জনগণের যে দুর্ভোগ হয়েছিল এবার আর সে দুর্ভোগ হবে না। গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য ব্যাটছ (ইট ভাঙা) ফেলানো শুরু হয়েছে।’