শুকরিয়া আদায় করেছেন শাহানশাহ্ জাহাঙ্গীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবাদার ইসলাম খান চিশতি দিল্লি থেকে সাফল্যের সঙ্গে ঢাকায় গিয়ে পৌঁছাতে পারায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন শাহানশাহ্ নূরুদ্দীন মুহাম্মদ জাহাঙ্গীর। শাহানশাহ্ বলেন, ইসলাম খানের ওপর যে ভরসা করে তিনি দায়িত্ব অর্পণ করেছিলেন, তা তিনি সফলভাবে পূরণ করেছেন। এবার বাংলা মুলুকে শান্তি কায়েমের পথ সুপ্রশস্ত হলো। এ জন্য তিনি খোদার কাছে হাজার শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, তাঁদের সফলতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নতুন সুবাদার, দেওয়ান ও মির-ই-বহরের জন্য উপহার পাঠিয়েছেন। গতকাল ফতেহ্পুর সিক্রিতে শাহানশাহ্র দরবার-ই-খাসে প্রথম আলোর প্রতিনিধির কাছে তিনি এসব খোশখবর পেশ করেন।এক প্রশ্নের জবাবে শাহানশাহ্ বলেন, ‘ইসলাম খান বয়সে আমার প্রায় কাছাকাছি। আমরা বড়ও হয়েছি পাশাপাশি। তার পরও তাঁকে আমি ফরজান্দ বা পালিত পুত্রের মতো জ্ঞান করি। তাই মওকা পাওয়ার সঙ্গে সঙ্গে তাত্ক্ষণিকভাবে তাঁকে আমি বাংলার সুবাদারের দায়িত্ব দিতে তিলমাত্র দ্বিধা করিনি।’ শাহানশাহ্ বলেন, ইসলাম খানকে দায়িত্ব দেওয়ার দিনটির কথা তাঁর মনে রোশনাই হয়ে আছে। দিনটি ছিল ১০১৭ হিজরির ২০ মহররম, ১৬০৮ ঈসায়ী সনের মে মাস। বার মঙ্গল। সে দিন দরবার-ই-খাসে উজিরদের সঙ্গে সলা করার সময় বাংলার সুবাদার জাহাঙ্গীর কুলি খানের ইন্তেকালের খবর আসে। তাঁর সেরা ও অনুগত এই ক্রীতদাসের মৃত্যুসংবাদে তিনি অত্যন্ত মর্মাহত হন।তিনি বলেন, ‘আমি তাত্ক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে ইসলাম খানকে বিহার সুবা থেকে তলব করে বাংলা সুবার দায়িত্ব নেওয়ার আদেশ দিই। তাঁর বদলে বিহার সুবার দায়িত্ব নিতে বলি মশহুর পণ্ডিত আবুল ফজলের পুত্র আফজাল খানকে।’শাহানশাহ্ জানান, তিনি ইসলাম খানকে কেবল দায়িত্ব দিয়েই খালাস হননি, তাঁর মর্যাদাও প্রভূত পরিমাণে বাড়িয়ে দিয়েছেন। জানা গেছে, দায়িত্ব অর্পণের সঙ্গে সঙ্গে নতুন সুবাদারের সম্মান চার হাজার সৈন্য ও তিন হাজার অশ্বের মনসবে উন্নীত করা হয়। পাশাপাশি তাঁকে সহযোগিতা করার জন্য ইহতিমাম খানকে বাংলার প্রধান নৌ-অধিকর্তার পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে ইহতিমাম খানকে মির-ই-বহর উপাধি দিয়ে তাঁর মর্যাদা উন্নীত করা হয় এক হাজার সৈন্য ও তিনশ অশ্বের মনসবে।