শুক্র গ্রহেও ওজোন স্তর পাওয়া গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্র গ্রহে ওজোন স্তরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তবে এর ঘনত্ব পৃথিবীর ওজোন স্তরের চেয়ে শত শত গুণ কম। ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) বিজ্ঞানীরা এ খবর জানিয়েছেন।এর আগে পৃথিবীর বাইরে শুধু মঙ্গল গ্রহেই ওজোন স্তর শনাক্ত হয়েছে। এখন শুক্র গ্রহে এ স্তরের সন্ধান মেলায় ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হতে পারে। শুক্র গ্রহের আবহমণ্ডলে সূর্যরশ্মি প্রবেশ করে কার্বন অক্সাইড ভেঙে অক্সিজেন অণু সৃষ্টি করলে ওজোন স্তর গঠিত হয়। ওজোনের অণুতে তিনটি অক্সিজেন পরমাণু থাকে। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসা ঠেকায়।ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার যান ভেনাস এক্সপ্রেস ক্র্যাফট শুক্র গ্রহের ওজোন স্তর শনাক্ত করে। এ-সংক্রান্ত প্রতিবেদন বিজ্ঞানবিষয়ক ইকারুস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, শুক্র গ্রহের আবহমণ্ডলের ভেতর দিয়ে নক্ষত্ররাজি পর্যবেক্ষণের সময় ভেনাস এক্সপ্রেস ওই ওজোন স্তরের অস্তিত্ব চিহ্নিত করে। পর্যবেক্ষণের সময় দূরের নক্ষত্রগুলোকে প্রত্যাশার চেয়ে বেশি অস্পষ্ট দেখাচ্ছিল। পরে বোঝা যায়, ওজোন স্তর নক্ষত্রগুলো থেকে আসা অতিবেগুনি রশ্মির কিছুটা শুষে নেওয়ার ফলেই এমনটি ঘটে।গবেষণা প্রতিবেদনটির প্রধান লেখক ফ্রান্সের এলএটিএমওএস আবহমণ্ডল গবেষণাকেন্দ্রের গবেষক ফ্রাঙ্ক মন্টমেসিন বলেন, শুক্র গ্রহের ওজোন স্তর গ্রহটির ১০০ কিলোমিটার ওপরে অবস্থিত। এই উচ্চতা আমাদের পৃথিবীর ওজোন স্তরের চেয়ে প্রায় তিন গুণ। পৃথিবীর ওজোন স্তরও শুক্রের মতো একই পদ্ধতিতে গঠিত। তবে পৃথিবীর ক্ষেত্রে বিভিন্ন অণুজীব কার্বন ডাই-অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ করার মাধ্যমে এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে। ইএসএ প্রকল্পের বিজ্ঞানী হাকান সেভেধেম এ ব্যাপারে বলেন, ওজোন স্তর শনাক্ত করার ফলে শুক্র গ্রহের আবহমণ্ডলের রাসায়নিক গঠন এবং সঞ্চালন-প্রক্রিয়া সম্পর্কে অনেক তথ্য জানা যাবে। এ ছাড়া এটা বিভিন্ন পাথুরে গ্রহের মধ্যে মৌলিক বিষয়ে সাদৃশ্যের ব্যাপারে নতুন প্রমাণ। এ ধরনের গ্রহগুলো সম্পর্কে আরও ধারণা পেতে হলে শুক্র নিয়ে গবেষণা করা যে গুরুত্বপূর্ণ তাও এটি তুলে ধরে। অনেক জ্যোতির্জীববিজ্ঞানী মনে করেন, কোনো গ্রহের আবহমণ্ডলে অক্সিজেন, কার্বন ও ওজোনের উপস্থিতি থাকলে তার ভূপৃষ্ঠে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব। নতুন আবিষ্কারটি এই প্রচলিত ধারণার বিপরীত ইঙ্গিত দিচ্ছে। এখন মনে করা হচ্ছে, শুধু অক্সিজেনের অস্তিত্বই প্রাণের যথেষ্ট প্রমাণ হতে পারে না। অবশ্য বিজ্ঞানীরা এ-ও বলছেন, পৃথিবীর মতো বিপুল পরিমাণে অক্সিজেনের উপস্থিতি থাকলে প্রাণের অস্তিত্ব সম্ভব। গবেষক মন্টমেসিনের মতে, এখন এই নতুন তথ্যের আলোকে গবেষণাপদ্ধতির রদবদল করে ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব সন্ধান করতে হবে। সিবিএস ও বিবিসি অনলাইন।