শুক্র-শনিবার বিশ্ববিদ্যালয় খোলা রাখার দাবি শিক্ষার্থীদের
চলমান রাজনৈতিক অস্থিরতার জের ধরে সেশনজটের আশঙ্কায় শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয় খোলা রাখার দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এই দাবিতে গতকাল সোমবার তাঁরা উপাচার্য মীজানুর রহমানকে স্মারকলিপি দিয়েছেন।রাজনৈতিক অস্থিরতা ও হরতালের কারণে গত মার্চ মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খোলা ছিল মাত্র নয় দিন। হরতালের জন্য নয় দিন এবং সরকারি ও সাপ্তাহিক ছুটির জন্য ১৩ দিন ক্লাস-পরীক্ষা হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল ২৪ দিন। এর মধ্যে সরকারি ছুটি ছিল ১৭ দিন। আর হরতালের কারণে বন্ধ ছিল সাত দিন। এভাবে দিনের পর দিন ক্যাম্পাস বন্ধ থাকায় ঠিকমতো ক্লাস-পরীক্ষা হচ্ছে না। এতে নতুন করে আবার সেশনজটের আশঙ্কা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমদ প্রথম আলো ডটকমকে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বার্থে শনিবারও ক্যাম্পাস খোলা রাখা দরকার। এতে করে সেশনজট কিছুটা কমে আসবে। এটি না করা গেলে সেশনজট আগের চেয়ে বাড়বে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার স্বার্থে বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে সেশনজট কমাতে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।এ দিকে বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ছয় মাসের সেমিস্টার শেষ করতে দেড় থেকে দুই গুণ বেশি সময় লাগছে। তাঁদের আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতার কারণে সেশনজটের মাত্রা আরও বেড়ে যাবে। তাই বাধ্য হয়েই তাঁরা শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয় খোলা রাখার দাবি জানিয়েছেন। এ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত শুক্রবার ক্লাস ও পরীক্ষা নেওয়া হয়েছে।২০০৯ সালের জুলাই মাসে সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার) ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পর থেকে এ নিয়মই চলছে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছুটিসহ বছরে ৩৬৫ দিনের মধ্যে ১৫২ দিনই ক্লাস বন্ধ থাকছে। এর ওপর যোগ হচ্ছে হরতালের অনির্ধারিত বন্ধ।