শুক্রবার কোনো কাজ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসুম রেজা একটি উপন্যাস লিখেছিলেন। এবার নিজের সেই উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক লিখেছেন তিনি। নাম ছায়ানারী কায়ানারী। নাটকটির অভিনয়শিল্পী মীর সাব্বির জানালেন, এক বছর আগে নাটকটির কাজ করেছেন। তখন ২০ পর্বের শুটিং করেছিলেন। তাই পুরো গল্পটি এখনো বুঝতে পারেননি। কথা প্রসঙ্গে বললেন, ‘এ বছরের জানুয়ারির গোড়াতেই সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে শুক্রবার কোনো শুটিং করব না।’ শুক্রবার কাজ করতে বাধা কোথায়?বাধা কেন হবে! আমি চাচ্ছি না। ওই দিনটি শুধু নিজের জন্য রাখতে চাই। বউ-বাচ্চাকেও সময় দিতে পারছি। বিশ্রাম নিচ্ছি। পরের কাজগুলোর ব্যাপারে ভাবতে পারছি। এত চাপ আর নিতে পারছি না।‘ছায়ানারী কায়ানারী’ নাটকটি কেমন মনে হচ্ছে?উপন্যাসটি আমার পড়া হয়নি। যতটুকু কাজ করেছি, ততটুকু চিত্রনাট্যই পড়েছি। বন্ধুকে নিয়ে আমি কলকাতা থেকে গ্রামে এসেছি। বন্ধুকে ঘিরে কিছু রহস্যের গন্ধ পাচ্ছি। তবে সেটি কী রকম, তা বলতে পারব না। আমার আবার প্রেমিক মন। অনেক কিছু স্বপ্নের মতো মনে হয়। কিন্তু ঘটনাগুলো বাস্তব।আপনার পরিচালনায় ‘মকবুল’ ধারাবাহিকটি তো অনেক আগে শেষ হয়েছে। এরপর নতুন কিছু ভেবেছেন?নতুন আরেকটি ধারাবাহিকের কাজ শুরু করব। নাম নোয়াশাল। নোয়াখালী আর বরিশালের দুই পরিবারকে নিয়ে গল্প। দুই পরিবারের দুজন কর্তাব্যক্তি হলেন এ টি এম শামসুজ্জামান ও আমিরুল হক চৌধুরী। এর আগে দুই ঈদে বরিশাল বনাম নোয়াখালী নামের দুটি নাটক তৈরি করেছিলাম। কিন্তু নোয়াশাল তা থেকে একেবারেই আলাদা। এখন শিল্পী চূড়ান্তের কাজ করছি। আশা করছি, আগামী মার্চ মাস থেকে নাটকটির শুটিং শুরু করতে পারব। এটিএন বাংলার ‘পুত্রসুখ’ নাটকটি নিয়ে কিছু বলুন।মফস্বলের একই পরিবারের দুই ভাইয়ের গল্প। আমি কিন্তু মফস্বলের ছেলে। ওখানেই বড় হয়েছি। ঠিক একই রকম অনেক ঘটনা দেখেছি। এবার নাটকটিতে কাজ করতে এসে বরগুনার সেই দিনগুলোর কথা বারবার মনে পড়ছে।