শুক্রবার দেশব্যাপী ধর্মভিত্তিক ১১ দলের বিক্ষোভ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত ইসলামী ও সমমনা ১১ দল আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ দিবস পালন করবে। একই দিন তারা ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে। আজ সোমবার দুপুরে খেলাফত আন্দোলনের আমির শাহ আহমদুল্লাহ আশরাফ এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেছেন। পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।শাহ আহমদুল্লাহ আশরাফ বলেন, ৩০ ঘণ্টা হরতালে পুলিশি নির্যাতন ও সরকারদলীয় ক্যাডারদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা হয়েছে। এক প্রশ্নের জবাবে খেলাফত আন্দোলনের আমির বলেন, দমন-নিপীড়ন যা-ই আসুক আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।সংবাদ সম্মেলনে ১১ দলের নেতাদের মধ্যে মাওলানা নেজাম উদ্দিন, আবদুল লতিফ নেজামী, জাফর উল্লাহ খান, খলিলুর রহমান মাদানী, আলমগীর মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।