শুক্রবার দেশে ফিরছেন তানজানিয়ায় আটক ২০ বাংলাদেশি
আফ্রিকার দেশ তানজানিয়ার জেলে আটক ২০ জন বাংলাদেশি অবশেষে আগামী শুক্রবার দেশে ফিরছেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক (কল্যাণ) মোহসিন চৌধুরী আজ বুধবার রাতে প্রথম আলো ডটকমকে এই তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার ভোরে তুর্কি এয়ারলাইনসের একটি বিমানে তাঁরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছাবেন। এই বাংলাদেশিরা হলেন: আনিস খান, বিটু মিয়া, আলী নূর, ফারুক হাওলাদার, ওহিদ হাওলাদার, মোহাম্মদ রাসেল, কালা চান, জাহিনুর রহমান, আমানুল হক, ফজলুল হক, বিল্লাল, আবদুল মালেক, আলাউদ্দিন, জামাল হোসেন, আবু নাসের, রমজান মিয়া, শহীদি আহমেদ, মাসুম মিয়া, কাবিল মিয়া ও হেলালউদ্দিন। মোহসিন চৌধুরী আরও জানান, দালালদের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে গত বছর এই বাংলাদেশিরা তানজানিয়া পুলিশের হাতে আটক হন। এরপর দীর্ঘদিন তাঁরা জেলে ছিলেন। দরিদ্র পরিবারগুলো খরচ দিতে না পারায় তাঁদের ফিরিয়ে আনার প্রক্রিয়ায় অনিশ্চয়তা দেখা দেয়। শেষ পর্যন্ত বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা এমজিএইচের আর্থিক সহায়তায় বিএমইটি ও কেনিয়া দূতাবাসের মধ্যস্থতায় তাঁরা দেশে ফিরে আসছেন। এমজিএইচ গ্রুপের পরিচালক আবদুর রহিম জানান, ‘দক্ষিণ আফ্রিকায় যাওয়ার স্বপ্নে বিদেশ গিয়ে আটক হয়ে ওই বাংলাদেশিরা দুঃসহ দিন কাটাচ্ছিলেন। এই অবস্থা জানতে পেরে সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা তাঁদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিই। আমার মনে হয়, এই ২০ জনের দুঃসহ স্মৃতি অনেকের জন্য শিক্ষণীয় হতে পারে’। ২০১১ সালের ১ অক্টোবর ওই বাংলাদেশিদের নিয়ে ‘প্রথম আলো’ পত্রিকায় ‘অবৈধ পথে দক্ষিণ আফ্রিকা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।