শুক্রবার দেশে ফিরবেন জারদারি
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি কাল শুক্রবার দুবাই থেকে দেশে ফিরবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।ওই মুখপাত্র জানান, ব্যক্তিগত কাজে প্রেসিডেন্ট জারদারি দুবাই সফর করেছেন। তিনি দুবাই পৌঁছেছেন এবং কাল দেশে ফিরবেন।দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেবেন জারদারি। পাকিস্তানের সাম্প্রতিক সময়ের উত্তপ্ত পরিস্থিতির কারণে জারদারি দেশ ত্যাগ করেছেন বলে ধারণা করছেন অনেকে। তবে এ দাবিকে উড়িয়ে দিয়েছেন জারদারির মুখপাত্র।পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আজ এক দিনের পূর্বনির্ধারিত সফরে দুবাই গেছেন।পাকিস্তানে সম্ভাব্য সেনা-অভ্যুত্থান বিষয়ে ‘গোপন চিঠি’ নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে চরম উত্তেজনা চলছে। এমন সময়ে জারদারি আবারও দুবাই গেলেন। এর কয়েক সপ্তাহ আগে চিকিত্সার জন্য তিনি দুবাই গিয়েছিলেন। রয়টার্স।