শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর ফটক বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল বলেছেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পবিত্রতা রক্ষা এবং একে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার স্বার্থে আগামী শুক্রবার থেকে মসজিদের উত্তর পাশের ফটক বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। এ সময় মুসল্লিদের দক্ষিণ, পশ্চিম ও পূর্ব পাশের ফটক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বায়তুল মোকাররম মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন ও বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের যৌথ উদ্যোগে ‘বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পবিত্রতা ও নিরাপত্তা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল এ তথ্য জানান। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, কেউ যাতে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সিঁড়ি রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করতে না পারে, সে জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, মসজিদ হলো ইবাদতের স্থান। সংবাদ সম্মেলন থেকে ২২ ফেব্রুয়ারি শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে যারা আগুন দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও সর্বসম্মত সিদ্ধান্ত হয়।সংবাদ সম্মেলনে জাতীয় মসজিদের খতিব মোহাম্মদ সালাউদ্দিন, মসজিদ মার্কেট ব্যবসায়ী গ্রুপের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, কর্মকর্তা, কর্মচারী ও ইসলামিক ফাউন্ডেশন কর্মচারী কল্যাণ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।