শুক্রবার হেফাজতের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ওই দিন মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। আজ সোমবার হেফাজতের ডাকা হরতাল শেষে বিকেলে রাজধানীর লালবাগ মাদ্রাসা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাশেমী। হরতালে চট্টগ্রাম, ময়মনসিংহ, ফরিদপুরসহ বিভিন্ন জায়গায় নেতা-কর্মীদের মারধর, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এবং সংগঠনের ১৩ দফা দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়।নূর হোসাইন কাশেমী বলেন, ‘আমরা বলেছিলাম, হরতালে আমরা কোনো রকম ভাঙচুর, আক্রমণ বা অগ্নিসংযোগ করব না। বাস্তবে তা পালন করে আমরা জাতিকে দেখিয়ে দিয়েছি। কিন্তু ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা আমাদের নিরীহ কর্মীদের ওপর বিভিন্ন জায়গায় হামলা করেছে।’ এ ছাড়া, সরকারের উদ্দেশে কাশেমী বলেন, ‘হেফাজতে ইসলামের দেওয়া ১৩ দফা দাবি অনতিবিলম্বে মেনে নেওয়া হোক। এ দাবি মানতে ব্যর্থ হলে তৌহিদি জনতা সরকার পতনের লক্ষ্যে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ অভিযোগ করে বলেন, ‘সরকার সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে আলেম-ওলামাদের ওপর নির্বিচারে হামলা করছে।’ তিনি আরও বলেন, হরতাল চলাকালে দেশের বিভিন্ন স্থানে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৪০০ নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামের ওয়াসা মোড়ে ও ময়মনসিংহে পুলিশের ছত্রচ্ছায়ায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হেফাজতের মিছিলে হামলা করলে শতাধিক কর্মী আহত হন।’ সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা শাহ আহমদুল্লাহ আশরাফ আবদুল লতিফ নেজামী, আবদুর রকিব, আবদুর রব ইউসুফী, আবুল হাসানাত আমিনী, জুনাইদ আল হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।