শুটিংয়ে গিয়ে শিয়াল-আতঙ্কে নিপুণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুটিং স্পটে শিয়ালের তাড়া খেলেন অভিনেত্রী নিপুণ। সঙ্গে ছিলেন চিত্রনায়ক ফেরদৌসও। গতকাল সোমবার কেরানীগঞ্জের কলাতিয়া বাজার এলাকায় সরকারি অনুদানে নির্মিত ‘শোভনের স্বাধীনতা’ চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নিপুণ।রশীদ হায়দারের ‘শোভনের স্বাধীনতা’ উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন মানিক মানবিক।নিপুণ বলেন, ‘শোভনের স্বাধীনতা চলচ্চিত্রের শুটিং করতে গতকাল সোমবার খুব ভোরে আমরা গিয়েছিলাম কেরানীগঞ্জের কলাতিয়া বাজার এলাকায়। সারা দিন ঠিকঠাকভাবেই শুটিং করেছি, বিপত্তিটা ঘটল রাত ১০টার দিকে। এমনিতেই গ্রামাঞ্চল। আর আমরা শুটিং করছিলাম জঙ্গলঘেরা একটি স্থানে। হঠাত্ আলোকসজ্জার কাজে নিয়োজিত শুটিং ইউনিটের একজন সদস্য জঙ্গলের ভেতর থেকে শিয়াল শিয়াল বলে চিত্কার করে দৌড় দিল। পরে দেখি সত্যিই সত্যিই সেখানে শিয়াল। এরপর আমিও দিলাম দৌড়। কিন্তু কাহিনির প্রয়োজনে আমাকে ঠিকই জঙ্গলে যেতে হয়েছে। প্রচণ্ড ভয় নিয়েই তারপর শুটিং করেছি। এটা আমার জন্য একেবারেই অদ্ভুত একটা অভিজ্ঞতা।’‘শোভনের স্বাধীনতা’ চলচ্চিত্রে নিপুণ অভিনীত চরিত্রের নাম ময়না। এখানে তিনি অভিনয় করছেন রাজাকারের মেয়ের চরিত্রে। রাজাকারের মেয়ে হলেও নিপুণ মনেপ্রাণে পুরোপুরি একজন মুক্তিযোদ্ধা। নিপুণ বলেন, ‘মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের ছবিতে এবারই প্রথম অভিনয় করছি। এখানে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই চলচ্চিত্রে কাজ করার মধ্য দিয়ে আমি থিয়েটারের অনেক বড় মাপের অভিনয়শিল্পীদের সঙ্গে অভিনয় করছি। এতে করে আমি নিজেও ওঁদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি।’‘শোভনের স্বাধীনতা’ চলচ্চিত্রে নিপুণের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন আমীরুল হক চৌধুরী ও চিত্রলেখা গুহ।মানিক মানবিকের পরিচালনায় ‘শোভনের স্বাধীনতা’ চলচ্চিত্রের অন্য অভিনয়শিল্পীরা হলেন ফেরদৌস, খায়রুল আলম সবুজ এবং নটরডেম কলেজের একঝাঁক শিক্ষার্থী।‘শোভনের স্বাধীনতা’ ছাড়াও ঢাকার বাইরে ১৫ মার্চ থেকে ‘ঢাকার কিং’ নামের আরেকটি চলচ্চিত্রের শুটিং শুরু করবেন নিপুণ। শাফিউদ্দিন শাফি পরিচালিত ছবিটিতে নিপুণ অভিনয় করবেন শাকিব খানের বিপরীতে। সেখান থেকে ফিরে এসে কাজ শুরু করবেন এই তো ভালোবাসা চলচ্চিত্রের কাজ।