বৈশাখী টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক তখন হেমন্ত। লিখেছেন শফিকুর রহমান, পরিচালনা করেছেন হুমায়ুন ফরীদি। নাটকে অভিনয় করছেন শামস সুমন। কথা হলো তাঁর সঙ্গে।হুমায়ুন ফরীদির পরিচালনায় এবারই প্রথম অভিনয় করলেন?হ্যাঁ। তবে এর আগে হুমায়ুন ফরীদির প্রযোজনায় আরেকটি ধারাবাহিকে কাজ করেছি। নাম হূদয়ের কাছের বিষয়। রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নাটকটি পরিচালনা করেছিলেন কামাল খান। হুমায়ুন ফরীদির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই চমৎকার। তখন হেমন্ত নাটকে আমার স্ত্রী মারা গেছেন। তিনি অসুস্থ ছিলেন। কিন্তু অনেকেরই ধারণা, তাঁকে হত্যা করা হয়েছে। দেশ টিভির ‘গহীনে’ ধারাবাহিকের কতটুক শুটিং করেছেন?সম্প্রতি আমি একটি পত্রিকায় প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছি। তাই পুরো অক্টোবর মাস নাটকটি থেকে ছুটি নিয়েছি। গহীনে নাটকে আমি একজন বৃহন্নলার চরিত্রে অভিনয় করছি। নাম আকাশী। খুবই চ্যালেঞ্জিং চরিত্র। সাধারণত নাটকে বিনোদনের জন্য এ ধরনের চরিত্র অনেকেই যুক্ত করেন। তবে গহীনে নাটকের পরিচালক বদরুল আনাম সৌদ এখানে মানবিক দিকটির দিকে বেশি জোর দিয়েছেন।ধারাবাহিকটিতে কাজ করার কোনো উল্লেখযোগ্য ঘটনার কথা মনে পড়ে?রোজার সময় একদিন শুটিংয়ে টানা ছয় ঘণ্টা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলাম। পুরোটা সময়ই চরিত্রের মধ্যে থাকতে হয়েছে। কারণ, ক্যামেরাগুলো এমনভাবে সেট করা হয়েছিল, কিছুক্ষণের জন্যও চরিত্র থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। এখন আপনার অভিনীত আর কোন নাটকগুলো প্রচারিত হচ্ছে?মাছরাঙা টিভিতে সন্তরণ নাটকে আমি গ্রামের মেম্বার। নানাভাবে গ্রামের ওপর নিজের প্রভাব বিস্তার করি। চরিত্রটির ইতিবাচক ও নেতিবাচক—দুটি দিকই আছে। জানি না, সামনে পরিচালক এই মেম্বার চরিত্রটিকে কোন দিকে নিয়ে যাবেন। এ ছাড়া আরটিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক রঙ্গের সংসার এবং একুশে টিভিতে অহংকার।