এটিএন বাংলায় আজ রাতে মাজনুন মিজান অভিনীত আমাদের সংসার ধারাবাহিকটি দেখানো হবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। কথা হলো মাজনুন মিজানের সঙ্গে। এটিএন বাংলার ‘প্রজাপতি মন’ নাটকটি নিয়ে কিছু বলুন।ফেরদৌস হাসানের চিত্রনাট্যে কাজ করার মজাই আলাদা। এটি গ্রামীণ ও শহুরে গল্পের নাটক। কিছুদিন আগে এই নাটকে কাজ করতে গিয়ে বেশ মজার ও আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। দেখা গেল, আমরা যখন শুটিংয়ের জন্য তৈরি হচ্ছি, তখনই বৃষ্টি শুরু হচ্ছে। যখন শুটিং বন্ধ, তখন বৃষ্টির দেখা নেই। আর ‘আমাদের সংসার’?এই নাটকে আমি দিলারা জামানের পালক সন্তান। তাঁর চার ছেলে। কেউ তাঁর খোঁজখবর নেয় না। পালক ছেলে হলেও তিনি আমাকে নিজ সন্তানের মতোই আদর ও স্নেহ করেন। আমিও তাঁকে সম্মান করি। বাস্তবের সঙ্গে নাটকটির গল্পের যথেষ্ট মিল আছে। আপনি চ্যানেল আইয়ের ‘চৈতা পাগল’ ধারাবাহিকে অভিনয় করছেন।এটি দারুণ একটি কাজ হচ্ছে। গোপন রাজনীতি করে—নাটকে এমন একটি দলের আমি সদস্য। আমাদের সঙ্গে গ্রামের প্রভাবশালী ব্যক্তি সোহেল খানের বিরোধ হয়। তাঁর মেয়ে বাঁধনের সঙ্গে সম্পর্ক গড়ে আমি লোকটিকে ঘায়েল করার চেষ্টা করি। ঈদের কী কাজ করছেন?এবার ঈদে সাইদুল আনাম টুটুল, হুমায়ূন আহমেদ, সালাহউদ্দিন লাভলু, নুরুল আলম আতিক, মাহফুজ আহমেদ, গোলাম সোহরাব দোদুল, দীপঙ্কর দীপন, শামীম শাহেদ ও সকাল আহমেদের কাজ করছি। এখন কিছু করছেন?হ্যাঁ। মাসুম রেজার চিত্রনাট্য আর গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় শহরের সবুজ নক্ষত্র নামের একটি ধারাবাহিকের কাজ করছি। নাটকে আমি গোলরক্ষক। বাস্তবেও আমি একসময় পেশাদার ফুটবল খেলতাম। আর মাঠে সব সময় গোলরক্ষক হিসেবেই খেলতাম। মানিকগঞ্জের যে স্টেডিয়ামে একসময় খেলেছি, নাটকটির শুটিং হচ্ছে সেখানেই। চলচ্চিত্রের খবর কী?হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলাতে কাজ করব। অক্টোবরে ছবিটির শুটিং শুরু হবে। ছবিতে আমি বেদের চরিত্রে অভিনয় করব। বিনোদন প্রতিবেদক