মাছরাঙা টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক উইন্ডো। এটি লিখেছেন শিবব্রত বর্মণ, পরিচালনা করেছেন হিমেল আশরাফ। নাটকটিতে অভিনয় করছেন সাঈদ বাবু। কথা হলো তাঁর সঙ্গে।‘উইন্ডো’ নাটকটি নিয়ে কিছু বলুন।এক চিত্রশিল্পী আর এক দৃষ্টিপ্রতিবন্ধী মেয়ের গল্প। শুরুতে প্রেম এবং পরে তাদের বিয়ে হয়। চিত্রশিল্পী ছেলেটি উচ্চাভিলাষী। খ্যাতি ও বাহবা পেতে পছন্দ করে। ছেলেটির এই উচ্চাভিলাষী মনোভাবই একসময় মেয়েটির সঙ্গে দূরত্ব তৈরি করে। এক চিত্রসমালোচক নারীর সঙ্গে ছেলেটির ঘনিষ্ঠতা তৈরি হয়। শুরু হয় দৃষ্টিপ্রতিবন্ধী মেয়েটির জীবনযুদ্ধ। একা চলতে চলতে একসময় মেয়েটি সাফল্যের মুখ দেখে; তত দিনে তার চিত্রশিল্পী স্বামী জীবন-মরণের সন্ধিক্ষণে পৌঁছে যায়। নাটকে এই চিত্রশিল্পীর ভূমিকায় আমি অভিনয় করেছি।আপনি নিজে কখনো ছবি এঁকেছেন?২০০৪ সালে আমি রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রে ছবি আঁকার ওপর একটি কোর্স করেছিলাম। কারণ, অ্যানিমেশনের ওপর পড়ার খুব ইচ্ছা ছিল। এর জন্য ছবি আঁকার ব্যাপারে ধারণা থাকার প্রয়োজন ছিল। অ্যানিমেশনের ওপর পড়াশোনার জন্য মালয়েশিয়ায় একটি ইনস্টিটিউটে ভর্তিও হয়েছিলাম। পরে বাবার অসুস্থতার কারণে চলে আসি। এবার অভিনয় করতে এসে সেই ছবি আঁকার কোর্সটা খুব কাজে লেগেছে।নাটকটিতে কাজ করতে গিয়ে অভিজ্ঞতা কেমন হলো?চম ৎকার গল্প, তাতে কোনো সন্দেহ নেই। একটা প্রদর্শনীর শুটিং আমার কাছে খুব উল্লেখযোগ্য বলে মনে হয়েছে। চারুকলার ছাত্রছাত্রীদের সহযোগিতা নিয়ে গত মাসে দৃক গ্যালারিতে বাস্তবেই একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এ ছাড়া ছবি আঁকার যেসব আনুষঙ্গিক জিনিসপত্র লাগে, সবকিছুই পরিচালক জোগাড় করেছেন। কোথাও এতটুকু ফাঁকি দেওয়া হয়েছে বলে মনে হবে না।এখন আর কী কী নাটক করছেন?সম্প্রতি আমার বাবা মারা গেছেন। এ কারণে কিছুদিন কোনো কাজ করিনি। এখন আবার শুরু করেছি। সম্প্রতি ব্যাংককে মাসুদ মহিউদ্দিন পরিচালিত ডেড এন্ড নামে একটি ধারাবাহিকের ৩০ পর্বের কাজ করে এসেছি। দারুণ গল্প। এজাজ মুন্নার জেনারেশন নেক্সট ডটকম নাটকের গল্প পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের জীবন নিয়ে। এ ছাড়া ঈদের কয়েকটি কাজ করেছি।