সাতকাহন ধারাবাহিক নাটকে ‘দীপাবলী’ চরিত্রে অভিনয় করছেন অর্ষা। দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিকটি। সমরেশ মজুমদারের উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন সৈয়দ জিয়া উদ্দিন, পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। আজকের কথোপকথন অর্ষার সঙ্গে। আপনি ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চতুর্থ হয়েছেন। এরপর কয়টা ধারাবাহিকে অভিনয় করলেন?সাতকাহন আমার চতুর্থ ধারাবাহিক। এর আগে আরিফ খানের চাঁদফুল অমাবস্যা, নাহিদ আহমেদের একান্তই তুমি ও চয়নিকা চৌধুরীর প্রিয় নাটকে কাজ করেছি। তবে কোনোটারই এখনো প্রচার শুরু হয়নি। সাতকাহন নাটকে দীপাবলী খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। আশা করছি, ‘দীপাবলী’ আমার অভিনয়জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। ‘সাতকাহন’ উপন্যাসের ক্যানভাস অনেক বড়। কোথায় কোথায় কাজ করেছেন?এ পর্যন্ত আমি দুই মাস কাজ করেছি শ্রীমঙ্গল, রাজেন্দ্রপুর আর গাজীপুরে। সর্বশেষ কাজ করেছি মানিকগঞ্জের বেতিলাতে। ওখানে এক পুরোনো রাজবাড়ি আছে। ওটা এখন ভবঘুরের কেন্দ্র। একটা অংশে শুটিং হয়। এখানে দীপাবলীর হোস্টেল পর্বের কাজ করেছি। টানা সাত দিন কাজ করার পর গত শুক্রবার কয়েক দিনের জন্য ছুটি পেলাম। ‘সাতকাহন’ নাটকটি রোববার থেকে বৃহস্পতিবার প্রচারিত হচ্ছে। নিশ্চয়ই শুটিংয়ে অনেক বেশি সময় দিতে হচ্ছে?মাসে অন্তত ২০ দিন আমরা কাজ করছি। তাই তো অন্য কোনো কাজ করতে পারছি না। আর খুব বেশি কাজ করার জন্য আমার মধ্যেও তেমন অস্থিরতা নেই। একটু বেছে বেছে, সময় নিয়ে খুব ভালো কিছু কাজ করতে চাই। আসলে এই মাধ্যমে আমার অনেক দিন কাজ করার ইচ্ছা। শুধু তো নাটকের কথাই হচ্ছে। এবার পড়াশোনার খবর বলুন।আমি এখন বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগে স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। নাটক ছাড়া আর কিছু করছেন?ছোটবেলা থেকেই ছবি আঁকি। প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণ কখনো নেওয়া হয়নি। সঙ্গে সব সময়ই ছবি আঁকার জিনিসপত্র থাকে। শুটিংয়ের ফাঁকে সময় পেলেই ছবি আঁকতে বসে যাই। ভবিষ্যতে চারুকলার ওপর প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছা আছে। বইও পড়ি। আহমদ ছফার পুষ্প বৃক্ষ ও বিহঙ্গ পুরাণ বইটি পড়ে মুগ্ধ হয়েছিলাম।