শুদ্ধ চর্চার মাধ্যমে বাংলা ভাষার বিকৃতি রোধের প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষায় বর্ণমালা কয়টি—৪৯ না ৫০টি? বাংলা নিয়ে আমাদের এত গর্ব, বাংলা ভাষার প্রমিত ব্যাকরণ নেই কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে’ চরণটি কি ‘যোগ্যতা’-সম্পন্ন? আমরা ‘বিদ্যালয় ও মহাবিদ্যালয়’ না লিখে ‘স্কুল অ্যান্ড কলেজ’ লিখি কেন? চৈত্রের কাঠফাটা দুপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ ধরনের নানা ভাষা-জিজ্ঞাসা আর নানা আয়োজনে উৎসবমুখর হয়ে উঠেছিল ‘এইচএসবিসি-প্রথম আলো ষষ্ঠ ভাষা প্রতিযোগ-২০১০’-এর ঢাকা অঞ্চলের প্রতিযোগিতা। গতকাল রোববার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার অতিথিরা, এমনকি ছোট ছোট ভাষাপ্রেমীও ভাষাকে বিকৃতির হাত থেকে রক্ষার প্রত্যয় ব্যক্ত করে। শুদ্ধভাবে বাংলা চর্চার দাবি ছিল সবার।ঢাকা অঞ্চলের প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হলো এ প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব। এখন বিভিন্ন অঞ্চলের বিজয়ীদের নিয়ে জাতীয় পর্বের প্রতিযোগিতার অপেক্ষা। গতকাল চারটি বিভাগে ঢাকা ও আশপাশের ছয়টি জেলার ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।সকাল পৌনে ১০টার দিকে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন কবি নির্মলেন্দু গুণ। এরপর অতিথিদের নিয়ে হোসনে আরা বেগম বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য রফিকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ভীষ্মদেব চৌধুরী, বিশ্বজিত্ ঘোষ, সৈয়দ আজিজুল হক, সৌমিত্র শেখর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সভাপতি সৌরভ সিকদার, কথাশিল্পী আনিসুল হক, টেলিভিশন-ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, কবিতা গোস্বামী, এইচএসবিসি ব্যাংকের করপোরেট বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান, কর্মকর্তা সি এম সামি হাফিজসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু। অনুষ্ঠানে বাঘ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাঘ-বিশেষজ্ঞ খসরু চৌধুরী। গান পরিবেশন করেন শিল্পী অদিতি মহসিন ও মাহমুদুজ্জামান বাবু।সকাল ১০টায় শুরু হয় আধা ঘণ্টার লিখিত পরীক্ষা। পরীক্ষা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন। ‘বর্ণমালা আসলে ৪৯ না ৫০টি’—দশম শ্রেণীর এক শিক্ষার্থীর এই প্রশ্নের জবাবে অধ্যাপক মাহবুবুল হক বলেন, বাংলা বর্ণমালার সংখ্যা নিয়ে কিছু সমস্যা রয়ে গেছে। বাংলা একাডেমী এটি নিয়ে কাজ করছে। এখন উত্তরণকালীন পর্ব চলছে। বাংলা একাডেমী এ বিষয়ে শিগগিরই একটি স্থির সিদ্ধান্ত দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রতিযোগ আয়োজকদের পক্ষ থেকেও এ বিষয়টির দ্রুত সমাধান কামনা করা হয়।আলোচনা পর্বে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘ইউনেসকোর আশঙ্কা, একুশ শতকের শেষে বিশ্বের অধিকাংশ ভাষা বিলুপ্ত হয়ে যাবে। ভাষা ব্যবহারকারীর দিক থেকে পৃথিবীতে বাংলা চতুর্থ ভাষা। এটা গর্ব করার মতো বিষয় হলেও আমরা নিজেরাই বাংলা ভাষাকে বিপন্ন করে তুলছি। প্রমিত বাংলার বদলে আমরা রেডিও-টেলিভিশনে জগাখিচুড়ি ভাষা বলছি। এমনকি স্কুল-কলেজে আঞ্চলিক ভাষায় পাঠদানও হচ্ছে। ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা বাংলা প্রায় ছেড়েই দিয়েছে। আর মাদ্রাসায় ছাত্ররা বাংলা, ইংরেজি, আরবি—কোনোটাই শিখছে না।’ তিনি প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে শুদ্ধ বাংলা চর্চার আহ্বান জানান।কবি নির্মলেন্দু গুণ ভাষা প্রতিযোগের প্রশংসা করে বলেন, ‘সাধারণত ফেব্রুয়ারি মাসে আমাদের ভাষাপ্রেম উথলে ওঠে, বাকি সময় কোনো খবর থাকে না। কিন্তু এ উদ্যোগ তার ব্যতিক্রম। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের ভাষা সম্পর্কে সচেতনতা বাড়ছে, সাহিত্যবোধ গড়ে উঠছে।’আনিসুল হক শহীদ আজাদের গল্প তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শহীদদের রক্তে অর্জিত এ দেশ নষ্ট হতে দেওয়া যাবে না। নিজেদের গড়ে তোলার মাধ্যমে শহীদদের সম্মান করতে হবে। নিজেরা আলোকিত হয়ে আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।মোস্তাফিজুর রহমান এ ধরনের উদ্যোগে ভবিষ্যতে তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। বিকেলে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদ। চারটি বিভাগে মোট ৬০ জনকে পুরস্কৃত করা হয়। সেরাদের সেরা নির্বাচিত হয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী জহিরুল ইসলাম।প্রাথমিক বিভাগে প্রথম হয় ভিকারুননিসা নূন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী লুবাইনা হাদী। মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী নাবিহা মুহসিনাত দ্বিতীয় ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র আবীর আহমেদ তৃতীয় স্থান অর্জন করে। নিম্ন মাধ্যমিক বিভাগে এসওএস হারম্যান মেইনার কলেজের ছাত্র হাসিবুল ইসলাম প্রথম, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের শাহ ওয়াসিফ দ্বিতীয় ও ভিকারুননিসা নূন স্কুলের আঁখি আলম তৃতীয় স্থান অর্জন করে। মাধ্যমিক বিভাগের প্রতিযোগিতায় প্রথম হয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজের ছাত্র জহিরুল ইসলাম। সেন্ট গ্রেগরীজ স্কুলের মাহমুদুল হাসান দ্বিতীয় এবং এ কে স্কুল অ্যান্ড কলেজের পার্থ চক্রবর্তী তৃতীয় স্থান অর্জন করে। উচ্চমাধ্যমিক বিভাগে নটর ডেম কলেজের ছাত্র তানজীব আলম প্রথম, একই প্রতিষ্ঠানের ছাত্র রাজেশ সিংহ দ্বিতীয় ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজের ছাত্র তানভীর হায়দার তৃতীয় স্থান অর্জন করে।