শুধু আইন দিয়ে মানবাধিকার রক্ষা করা যাবে না: আইরিন খান
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খান বলেছেন, আমরা নিজেদের আচরণ না বদলালে এবং অধিকারের বিষয়গুলোকে দায়িত্ব মনে করে কাজ না করলে আন্তর্জাতিক কিংবা দেশের কোনো আইন দিয়ে মানবাধিকার রক্ষা করা যাবে না ।আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে মানুষের জন্য মানবাধিকার পদক-২০১০ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইরিন খান এ কথা বলেন। মানুষের জন্য ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে মানবাধিকার নিয়ে কাজ করেন এমন ১৩ জনকে পদক দেওয়া হয়। আইরিন খান বলেন, ‘মানবাধিকার নিয়ে কথা বলা সহজ, কিন্তু কাজ করা কঠিন। বৈষম্য নিরসন নিয়ে কাজ করা আরও কঠিন। আন্তর্জাতিক আইনের কোনো মূল্য নেই, যদি তা মানুষের কাজে না আসে। ’অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘মানুষই মানবাধিকার লঙ্ঘন করে। আমরা সভ্যতার এমন জায়গায় পৌঁছেছি যে এখন মানবাধিকার পদকও দিতে হচ্ছে।’ তিনি বলেন, আগে মানবাধিকার পরিস্থিতির অবস্থা আরও খারাপ ছিল। গত দুই দশকে এর অনেক উন্নতি হয়েছে। অর্থমন্ত্রী বলেন, জাতিসংঘের মানবাধিকার সনদ একটি দলিল। কিন্তু সব সময় এটি লঙ্ঘন করা হচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদেই মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।