শুধু আড়াই কিমি রাস্তাই হলো না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনালী গ্রামের মাঝ দিয়ে যাওয়া আড়াই কিলোমিটার কাঁচা সড়কের কারণে প্রায় ১২ কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে পাঁচ গ্রামের মানুষকে। উপজেলা সদরে যাতায়াতের ক্ষেত্রে এ রকম ভোগান্তি পোহাচ্ছে তারা।এলাকাবাসী জানান, উপজেলার ধারাবারিষা ইউনিয়নে চলনালী গ্রামের অবস্থান। ওই গ্রামের ‘গফুরের মোড় থেকে কান্দিপাড়া কবরস্থান’ পর্যন্ত ওই সড়কটির অবস্থান। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আশির দশকে চলাচলের জন্য রাস্তাটি নির্মিত হয়েছিল। তারপর কেটে গেছে প্রায় তিন যুগ।গ্রামের কলেজছাত্র রাশিদুল জানান, চলনালী, চরকাদহ, কান্দিপাড়া, উদবাড়িয়া, সিঁধুলী গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ সড়কটির ওপর পরোক্ষ ও প্রত্যক্ষভাবে নির্ভশীল। ২০০১ সালে গ্রামটির পাশ দিয়ে ‘বনপাড়া-হাটিকুমরুল’ মহাসড়ক চালুর পর উপজেলার সদরের সঙ্গে অন্য গ্রামগুলোর সংযোগ সড়কগুলো পাকাকরণ হলেও ওই সড়কটি পাকা হয়নি। ফলে গ্রামবাসীকে মহাসড়ক হয়ে ঘুরে তবেই উপজেলা সদরে যেতে হয়।গ্রামের শাহাদৎ হোসেন জানান, সড়কটি পাকা না হওয়ায় উৎপাদিত ফসল নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। রিকশা-ভ্যান চলে না। ট্রাকও চলে না। এখনো গরু ও মহিষের গাড়ির ওপর নির্ভর করতে হয়। এতে করে পরিবহন খরচ ও সময় দুই-ই বেশি লাগে।পাঁচশিশা গ্রামের কৃষক আবুল মিঞা বলেন, চলনালী পূর্বপাড়া মাঠে ১০-১২ বিঘা জমি রয়েছে। বীজ নিয়ে হেঁটে জমিতে যাওয়া গেলেও ফসল কেটে বাড়িতে আনতে দুর্ভোগের অন্ত থাকে না। বছরের পর বছর এই ভোগান্তি হলেও সড়কটি আর পাকা হয়নি। চলনালী গ্রামের ভ্যানচালক কালাম শাহ বলেন, ‘এই রাস্তা কাঁচা থাকায় গ্রামের ৩০ জন ভ্যানচালক উপজেলা সদরে গিয়ে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। রাতে শহরে ভ্যান রেখে হেঁটে বাড়িতে আসতে হয়। অনেক সময় রেখে আসা ভ্যান চুরিও হয়।’ ধারাবারিষা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম এলাকার মানুষের ভোগান্তির কথা শিকার করে বলেন, ‘আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। তার পরও গ্রামের মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে একটি প্রকল্প জমা দিয়েছিলাম, কিন্তু তা পাস হয়নি। ভবিষ্যতে নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি পাকা করে দেওয়া হবে।