শুধু একাত্তরের অপরাধের বিচারের বিরুদ্ধে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের যে প্রক্রিয়া শুরু করেছে, বিএনপি তার বিরোধিতা করবে। বিএনপি মনে করে, শুধু ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারের কোনো যৌক্তিকতা নেই। কারণ, মানবতা-বিরোধী অপরাধ এর পরেও ঘটেছে। তাই এই বিচারে একটি নির্দিষ্ট সময়ক্রম বেঁধে দেওয়া উচিত নয়।গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে দলের এই অবস্থান ঠিক করা হয় বলে বৈঠকের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে বৈঠক শেষে কেউ প্রকাশ্যে কথা বলেননি। বৈঠকে সিদ্ধান্ত হয়, আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে সংবাদ ব্রিফিং করে বিএনপির মহাসচিব দলের এই অবস্থান ও ব্যাখ্যা তুলে ধরবেন। বৈঠক শেষে জানতে চাইলে মাহাবুবুর রহমান শুধু বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে আমাদের কিছু বক্তব্য আছে। কাল (আজ) মহাসচিব এ নিয়ে ব্রিফিং করবেন।’হান্নান শাহ্ বলেন, ‘সরকার সব নির্বাচনী অঙ্গীকার অস্বীকার করছে। আগে বলেছে ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে, সেই অঙ্গীকার এখন নাই। বলেছে যুদ্ধাপরাধীদের বিচার করবে, এখন সেটাও নাই।’তবে স্থায়ী কমিটির একাধিক সদস্য নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেছেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার করলে তাঁরা এই প্রক্রিয়াকে স্বাগত জানাতেন। তাঁদের দাবি, ১৯৭৪ সালে ভারত ও পাকিস্তানের সঙ্গে করা ত্রিপক্ষীয় সিমলা চুক্তিতে পাকিস্তানি যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দেওয়া হয়েছে। এখন তাদের বিচার করতে না পেরে তখনকার মানবতাবিরোধী অপরাধীদের বিচারের কথা বলছে। আসলে সরকার আদর্শগত রাজনৈতিক বিরোধীদের দমনের জন্য এই বিচার-প্রক্রিয়া শুরু করেছে বলে মনে করছে বিএনপি।বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতা বলেন, আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলে জনগণের কাছে ভোট নিয়েছিল। এখন তারা বলছে, যুদ্ধাপরাধীদের বিচার করবে না, মানবতাবিরোধী অপরাধের বিচার করবে। এটা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। ওই নেতা বলেন, মানবতাবিরোধী অপরাধ বলতে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুট প্রভৃতি অপরাধের বিচার করতে চায় সরকার। কিন্তু এই অপরাধ কি কেবল ১৯৭১ সালে ঘটেছে? এর পরে এসব অপরাধ হয়নি? ইডেন কলেজে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তার বিচার হবে না? ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে যে ঘটনা ঘটেছে, তার বিচার হবে না? বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন ছিল না। দেশের সাধারণ আইনে এর বিচার করা সম্ভব। স্থায়ী কমিটির বৈঠক: গত রাত সাড়ে আটটায় এ বৈঠক শুরু হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ও মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। বিএনপির সর্বোচ্চ পরিষদের নেতাদের বৈঠক চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। বৈঠক শেষে একে একে বেরিয়ে যান নেতারা। তবে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে কোনো নেতাই কিছু বলতে রাজি হননি। আর এ গনির কাছে জানতে চাইলে তিনি দলের মহাসচিবকে দেখিয়ে বলেন, ‘ওনার কাছে জিজ্ঞেস করুন।’খোন্দকার দেলোয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন অনেক রাত। এত কথা এখন বলতে পারব না।’