শুধু এগিয়ে যেতে চাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ স্বপ্ন দেখতে পারেন তিনি। একদিন সমাজে প্রতিষ্ঠিত হবেন, নিজের চিকিৎসা করাবেন। ফিরে পাবেন সুস্থ-স্বাভাবিক জীবন। তাঁর নাম ফেরদৌসী আরা। বগুড়ার শহরতলির আটাপাড়ার এই মেয়ে এবার এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৪.৪২ পেয়েছেন। তাঁর এই সাফল্যের পেছনে আছে সংগ্রামের গল্প। দরিদ্র পরিবারের সন্তান তিনি। বাবা ফেরিওয়ালা আর মা গৃহপরিচারিকার কাজ করেন। অন্য ভাইবোন লেখাপড়া না শিখলেও ফেরদৌসী নিজের ইচ্ছাতেই স্কুলে ভর্তি হন; কিন্তু দশম শ্রেণীতে পড়ার সময় মা-বাবা তাঁর বিয়ে দেন।বিয়ের পর জীবনে নেমে আসে আরেক দুর্দশা। গাড়িচালক স্বামী মাদকাসক্ত। নানা কিছু করেও নেশার পথ থেকে স্বামীকে ফেরাতে পারেন না। বিয়ের সময় যৌতুক হিসেবে দেওয়া সোনার গয়নাও বিক্রি করে দেন স্বামী। পরে আবার যৌতুকের জন্য অত্যাচার করতে থাকেন। এভাবে ফেরদৌসীর দাম্পত্য জীবনের এক বছর কেটে যায়। যৌতুক দিতে না পারায় ২০০১ সালে মাদকাসক্ত স্বামী ফেরদৌসীকে দোতলার ছাদ থেকে মাটিতে ফেলে দেন। সেদিন প্রাণে বেঁচে গেলেও মেরুদণ্ড ভেঙে গিয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয় তাঁকে। ফেরদৌসী বলেন, ‘এ ঘটনার পর বিনা চিকিৎসায় ভুগেছি। মা-বাবার অভাবের সংসারে নিজেকে বোঝা মনে হচ্ছিল। হঠাৎ মনে হলো, আমি তো কাগজের ঠোঙা বানানো শিখেছিলাম। মায়ের দেওয়া ৫০০ টাকা পুঁজি করে শুরু করলাম ঠোঙা বানানোর ব্যবসা; সঙ্গে শুরু হলো লেখাপড়া। ভর্তি হলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। ২০০৮ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করলাম। মনে মনে পণ করলাম, যত কষ্টই হোক, লেখাপড়া শেষ করতেই হবে। কারণ, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে লেখাপড়া ছাড়া তা সম্ভব নয়। এরপর বগুড়ার ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে; পাশাপাশি ঠোঙা বানানোর কাজ চালিয়ে যেতে লাগলাম।’ফেরদৌসী জানান, পড়ালেখা ও ঠোঙা বানানোর পাশাপাশি বর্তমানে তিনি বগুড়া অন্ধ সংস্থায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। ২০০৯ সালে সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ঠোঙা বানানোর কাজে ফেরদৌসীর এলাকার আরও ১৫ জন অবহেলিত নারীর কর্মসংস্থান হয়েছে তাঁর মাধ্যমে। গড়েছেন আটাপাড়া আন্দোলন প্রতিবন্ধী অধিকার সংগঠন।ফেরদৌসী বলেন, ‘১৮ জুলাই আমার জীবনের স্মরণীয় দিন। এদিন এইচএসসির ফলাফল প্রকাশিত হয়েছে। একই দিনে প্রতিবন্ধী নারী হিসেবে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি সংগঠনের আমন্ত্রণে ঢাকায় সফল ক্ষুদ্র উদ্যোক্তার সম্মাননা পেয়েছি। অর্থমন্ত্রীর হাত থেকে সম্মাননা সনদ, স্মারক ও ২০ হাজার টাকার চেক গ্রহণ করার সৌভাগ্য হয়েছে আমার।’ফেরদৌসী হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা নিতে চান। তিনি বলেন, ‘এটা ভেবে ভালো লাগে যে অসহায় নারীদের কর্মসংস্থানে সাহায্য করতে পেরেছি।’নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবদুল গফুর বলেন, ‘স্বামী-সংসার থেকে বিতাড়িত ও অনাথ-প্রতিবন্ধী হয়েও ফেরদৌসী এইচএসসিতে খুব ভালো ফল করেছে। তার এ সাফল্য মাইলফলক হয়ে থাকবে।’প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে অ্যাকশন অ্যান্ড ডিজঅ্যাবিলিটি ডেভেলপমেন্ট (এডিডি)। বগুড়া এডিডির উপকর্মসূচি সমন্বয়কারী ফেরদৌসী বেগম প্রথম আলোকে বলেন, ‘দেশের হাজারো নির্যাতিত নারীর কাছে ফেরদৌসী একটি দৃষ্টান্ত। স্বামী-সংসার থেকে বিতাড়িত ও নির্যাতিত হয়েও দমে যায়নি সে; ঘুরে দাঁড়িয়েছে। পড়ালেখা করে ভালো ফল করার পাশাপাশি সফল উদ্যোক্তার সম্মাননাও অর্জন করেছে।’অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা বলেন, ‘প্রতিবন্ধী নারীরা সমাজে একটু অবহেলিত। ক্ষুদ্র নারী উদ্যোক্তা পুরস্কার প্রদানের মূল লক্ষ্য তাঁদের আত্মপ্রত্যয়ী করে তোলা। হাজারো সফল নারীর ভিড়েও আমরা ফেরদৌসীকে সম্মাননার জন্য নির্বাচিত করেছিলাম। কারণ, তাঁর সাফল্যের গল্পটা অনবদ্য, অসামান্য।’