শুধু কারিগরি সহযোগিতা দেবে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকার ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচারের যে উদ্যোগ নিয়েছে, তাতে শুধু কারিগরি সহযোগিতা দেবে জাতিসংঘ। বাংলাদেশের পক্ষ থেকে ঐতিহাসিক এ কাজে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা চাওয়া হলে জাতিসংঘ তাদের এই অবস্থানের কথা জানায়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এ মাসের দ্বিতীয় সপ্তাহে এই বিষয়ে জাতিসংঘের সদর দপ্তরের রাজনৈতিক শাখাসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন। ওই আলোচনাতেও তিনি ধারণা পেয়েছেন, জাতিসংঘ শুধু কারিগরি সহযোগিতাই দিতে চায়। জানতে চাইলে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের রাজনৈতিক শাখা থেকে প্রথম আলোকেও লিখিতভাবে কারিগরি সহযোগিতার কথাই জানানো হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় জাতিসংঘ দপ্তরের সূত্রগুলো জানিয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গত বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর তার অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার যুদ্ধাপরাধের বিচারের জন্য জাতিসংঘের সহযোগিতা নেওয়ার উদ্যোগ নেয়। গত বছরের ফেব্রুয়ারিতে সরকার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কাছে সহযোগিতা চায়। বাংলাদেশ যুদ্ধাপরাধের বিচারে অন্য দেশের অভিজ্ঞতা কী, তা জানানোর অনুরোধ করে। পাশাপাশি ১৯৭৩ সালের প্রণীত যে আইনের ভিত্তিতে বিচার-প্রক্রিয়া পরিচালিত হবে, সেটা সুষ্ঠু বিচারের পাশাপাশি আন্তর্জাতিক মান নিশ্চিত করবে কি না, সে ব্যাপারে জাতিসংঘের অভিমত জানতে চাওয়া হয়। আইনটি যুগোপযোগী না হলে তা সংস্কারে জাতিসংঘের সহযোগিতাও চায় বাংলাদেশ।জাতিসংঘ জানায়, একেক দেশে একেক পরিবেশ-পরিস্থিতিতে যুদ্ধ হয়েছে। যুদ্ধাপরাধও হয়েছে ভিন্ন মাত্রায়, বৈশিষ্ট্যে। তাই বিচার-পদ্ধতিও হবে আলাদা। এমন প্রেক্ষাপটে জাতিসংঘের অভিমত, বাংলাদেশ যেন তার পরিবেশ ও পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে যুদ্ধাপরাধের বিচারকাজ পরিচালনা করে। এ ক্ষেত্রে বিচার-প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করা হচ্ছে কি না, সেটা বিশেষভাবে বিবেচনা করা উচিত বলে মত দেয় জাতিসংঘ।জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘জাতিসংঘ শুধু কারিগরি সহযোগিতা দিয়েছে। ১৯৭৩ সালের যে আইনের ভিত্তিতে বিচারকাজ পরিচালিত হবে, তা সংস্কারে জাতিসংঘের সহযোগিতা চেয়েছিলাম। এর মধ্যেই আইনটি পরীক্ষার পর তারা আমাদের কাছে মন্তব্য জানিয়েছে।’বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭৩ যাচাই করে দেখার পর জাতিসংঘের মানবাধিকার কমিশন দু-একটি জায়গায় ভিন্নমত প্রকাশ করেছে বলে জানা গেছে। তাদের মতে, কিছু কারিগরি সমস্যা আছে আন্তর্জাতিক অপরাধবিষয়ক আইনটিতে। জাতিসংঘ মনে করে, বিচার-প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকতে হবে। পাশাপাশি যুদ্ধাপরাধের বিচার যাতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত না হয়, সে ব্যাপারেও গুরুত্ব দিয়েছে জাতিসংঘ।