শুধু খেলা নিয়ে ভাবি
সেহান আবেপিটিয়ামা অ্যাথলেট ছিলেন। আঞ্চলিক মিটের স্প্রিন্টার। জিতেছেন বেশ কিছু পদক। মায়ের মুখে শুনেছেন সেসব কথা। আর এখন তিনি উল্টো মাকে শোনাচ্ছেন ট্র্যাকের অসংখ্য গল্প। যে গল্পের নায়ক তিনি নিজেই!আর দশটা শ্রীলঙ্কান তরুণের মতো তাঁর ঝোঁকটা ছিল ক্রিকেটের দিকেই। কিন্তু স্কুল অ্যাথলেটিকস মিট দৌড়ে ভালো করায় নিজেই অনুভব করলেন, ‘আমার অ্যাথলেটিকসেই থাকা উচিত। সেখান থেকেই শুরু।’ সেহান সায়েরুয়ান আবেপিটিয়া মাত্র কুড়ি বছরেই একটা স্বপ্নের চূড়ায় উঠলেন—দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব। এই গৌরব মাথায় নিয়ে কলম্বো ফিরে যাওয়ার আগের রাতে তাঁকে দেখে মনে হচ্ছিল, বহুদূর যাওয়ার ক্ষমতা রাখেন এই ২০ বছরের তরুণ। কীভাবে এত দূর উঠে এলেন?নিজের চেষ্টা, কোচ সুনীত গুনাওয়ার্ধ্বনের আন্তরিকতা, আর আমাদের প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সহযোগিতায়। শুরুটা কীভাবে?১৭ পেরিয়ে এ লেভেল মিটে ১০০ মিটারে নতুন রেকর্ড করলাম। এরপর আমার কোচের সংস্পর্শে আস্তে আস্তে সামনে এগোতে লাগলাম। আপনি বলতে চাইছেন, কোচের একটা বড় ভূমিকা ছিল? অবশ্যই। কোচই আমার সব। তিনি সব সময় বলেন, তুমি যে জায়গাটায় যেতে চাও, চেষ্টার কোনো বিকল্প নেই। তাঁর কথাই আমার শিরোধার্য। কোচ নিজেও বড় অ্যাথলেট ছিলেন। ১৯৭২ মিউনিখ অলিম্পিকে খেলেছেন। এশিয়াডে সোনা জিতেছেন। অসুস্থতার কারণে এখানে আসতে পারেননি। তাঁর স্ত্রী ভাদ্রা গুনাওয়ার্ধ্বনে এখানে এসেছেন, তিনিও শ্রীলঙ্কার একজন চ্যাম্পিয়ন অ্যাথলেট ছিলেন। আপনার উত্থান তো গতবছর পুনেতে যুব কমনওয়েথ গেমসে। তিনটি সোনা জিতেছিলেন... হ্যাঁ, ৭১টা দেশ খেলেছে যুব কমনওয়েলথে। ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং রিলেতে সোনা জিতেছিলাম। তিনটিই গেমস রেকর্ড। বিশ্ব জুনিয়র অ্যাথলেটিকসে ১০০ মিটারে আপনি সপ্তম হয়েছিলেন। এটা তো দারুণ কৃতিত্ব... হ্যাঁ, ওয়ার্ল্ভ্র জুনিয়রে ১০০ মিটারে সপ্তম হয়ে আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে অনেক। আগের বছর এশিয়ান জুনিয়রে তিনটি সোনা জিতেছি। সাফল্যের রহস্যটা কী?নিয়মানুবর্তিতা। আমি অ্যালকোহল নিই না, নাইট ক্লাবে যাই না। শুধু খেলা নিয়ে ভাবি। আপনি বলছিলেন, আপনাদের প্রেসিডেন্ট অনেক সহযোগিতা করেন...আমাদের দেশে কেউ আন্তর্জাতিক মিটে সোনা জিতলেই প্রেসিডেন্ট আর্থিক পুরস্কার দেন। অতীতে সুশান্তিকা জয়াসিংহকে অলিম্পিকে পদক জয়ের পর যেভাবে পেয়েছেন, যুব কমনওয়েলথে আমি সোনা জেতার পরও পেয়েছি। শ্রীলঙ্কার টাকায় দুই-তিন মিলিয়ন হবে। ওই টাকা আমি খরচ করি শুধু আমার আথলেটিকসে। তার অর্থ, আর্থিক দিকটা নিয়ে আপনাকে ভাবতে হয় না?একদমই না। আমি নিশ্চিন্তে খেলে যাচ্ছি। কোনো পিছুটান নেই। আপনি তো পড়াশোনাও করছেন। এখন কী পড়ছেন?স্কুল শেষ করে এখন কলম্বোতে লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল স্কুলে এ লেভেল করছি। এটা হলো ইংলিশ আইডিবি ডিগ্রি (ইন্টারন্যাশনাল ডিগ্রি অব বিজনেস)। বিজসেন নিয়ে কেন? শ্রীলঙ্কায় বিজেসেন ডিগ্রি থাকলে ব্যাংকে চাকরি পাওয়া যায়। আপনারা কেমন সুযোগ-সুবিধা পান?ইউরোপের মতো সুযোগ-সুবিধা নেই। তবে আগের চেয়ে বেড়েছে। আগে একটা মাত্র ট্র্যাক ছিল। প্রেসিডেন্ট রাজাপক্ষে আসার পরপর এখন তিনটা ট্র্যাক হয়েছে। কলম্বোর কাছাকাছি কোথাও আরেকটা বসানোর পরিকল্পনা আছে তাঁর। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা ভালোই। এ কারণেই আমি এ পর্যন্ত ১৩-১৪টি আন্তর্জাতিক মিটে খেলতে পারলাম। স্পন্সর পেয়েছেন?কমনওয়েথ যুব গেমস থেকে ফেরার পর দুটি স্পন্সর পেয়েছি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিস্কুট কোম্পানি—মাল্টি বিস্কুট আর একটি ইন্স্যুরেন্স কোম্পানি স্পন্সর করছে আমাকে। স্প্রিন্টে এত ভালো করছে কীভাবে শ্রীলঙ্কা?(হাসি) জন্মগত প্রতিভা আছে অনেকের। তা ছাড়া অ্যাথলেট হিসেবে গড়ে তোলার কিছু পদ্ধতিও আছে। স্প্রিন্টার সুশান্তিকা, দয়মন্তি দারসরাদের পর এখন একজন ভালো হাইজাম্পার পেয়েছি আমরা। এশিয়ার সেরা তিনি। সুশান্তিকা আপনার সম্পর্কে জানেন?হ্যাঁ, জানেন। তাঁর সঙ্গে দেখা হলেও কথা হয়নি। প্রিয় অ্যাথলেট কে? উসাইন বোল্ট। গত বছর জার্মানিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁকে কাছ থেকে দেখেছি। ক্রিকেট ভালোবাসেন? প্রিয় ক্রিকেটার কে?অবশ্যই ক্রিকেট ভালোবাসি। সনাত্ জয়াসুরিয়া প্রিয় ক্রিকেটার। এ প্রসঙ্গে বলি, কুমারা ধর্মসেনা আমার খালাতো ভাই। আমার আম্মার আপন বোনের ছেলে। তাঁকে দেখে শুরুর দিকে ক্রিকেটই খেলতে চাইতাম। বাবা-মা বলেছিলেন, অ্যাথলেটিকস খেলার দরকার নেই, ক্রিকেট খেল। ধর্মসেনার সঙ্গে দেখা হয়? খুব কম। তিনি এখন আন্তর্জাতিক আম্পায়ার। আমাদের বাসায় আসার সময় তেমন পান না। অবসরে কী করেন?বন্ধুদের সঙ্গে বাইরে যাই, সিনেমা দেখি, ভিডিও গেমস খেলি। তবে বেশির ভাগ সময়ই কলম্বোয় আমাদের বাসাতেই থাকি, খাইদাই, ঘুমাই। মা-বাবা আমাকে আদর করে ডাকেন ওশান বলে। ওশান মানে সম্ভবত সাগরটাগর এ রকম কিছু হবে। বাবা-মা আর এক বোন আছেন (বড়), তাঁদের সঙ্গেই মূলত অবসর কাটে। বাংলাদেশে প্রথমবার এলেন, কেমন লাগল?ভালো লেগেছে। সবকিছু ঠিকই আছে। তবে স্টেডিয়ামের আশপাশটা অপরিচ্ছন্ন লেগেছে বেশি। আজ সারা দিন কী কেনাকাটা করলেন?অনেক কিছু। বাবা-মা, বোন, কোচ—সবার জন্য টুকটাক কেনাকাটা। এখানে জুতা খুবই সস্তা। পাঁচ-ছয় জোড়া কিনেছি। শ্রীলঙ্কার চেয়ে সবকিছুই কম দাম। এশিয়ান গেমস নিয়ে এখনই চিন্তাভাবনা শুরু তাঁর। অলিম্পিকে পদকের স্বপ্ন দেখেন। সেটিকে অবাস্তব স্বপ্ন মনে হলো না। আমাদের অ্যাথলেটিকসে একজন শিহান কবে তৈরি হবে?