শুধু ছবি নয়
লালবাগ কেল্লায় হল্যান্ড...ঢাকা শহরে মোগল আমলের যেসব নিদর্শন রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে লালবাগ দুর্গ জাদুঘর। ‘লালবাগ কেল্লা’ নামে পরিচিত এই জাদুঘরে দেশি-বিদেশি অনেক মানুষই বেড়াতে আসেন। মার্চের ১১ তারিখ দুপুরে পর্যটকদের বড় একটা দল দেখা গেছে কেল্লায়। তাঁরা যে সাধারণ কেউ নন, তা পুলিশের পাহারা দেখেই আঁচ করা গেছে। আসলে তাঁদের বেশির ভাগই ছিলেন ব্যাট-বলের মানুষ। তাঁরা হল্যান্ড ক্রিকেট দলের সদস্য। ১৪ মার্চ চট্টগ্রামে বাংলাদেশ দলের বিপক্ষে মাঠে নামার দুই দিন আগে ঘুরে দেখেছেন ঢাকার মোগল স্থাপনা। বাংলাদেশ দলের কাছে পরাজিত হল্যান্ড দলের অর্জন বলতে কি থাকল শুধু এই মোগল নির্দশন দেখার স্মৃতি? হল্যান্ড দলের লালবাগ কেল্লা দেখার ছবিটি তুলেছেন সাজিদ হোসেন।গ্যাস-বিদ্যুতে নাকাল!সরকারের নির্দেশে বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকে। তাই চালু সময়ে স্টেশনগুলোয় যানবাহনের সারি দেখা যায়। এদিকে গরম আসার পর নগরে লোডশেডিং শুরু হয়েছে। এতে চালুর সময়ও বিদ্যুতের অভাবে বন্ধ রাখতে হয় অনেক সিএনজি ফিলিং স্টেশন। আবার কেউ ফিলিং স্টেশনে জেনারেটর দিয়ে কাজ চালাচ্ছেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না অনেকের। কারণ, প্রায়ই স্টেশনে তিতাসের গ্যাস থাকছে না, কিংবা গ্যাসের চাপ কম থাকছে। গ্যাসের অভাবে তাই সিএনজি স্টেশনে যানবাহনের সারি হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর। তেজগাঁও শিল্পাঞ্চলের একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন জিয়া ইসলাম।