শুধু তত্ত্বাবধায়কে নির্বাচন সুষ্ঠু হবে না
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, শুধু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু হলেই নির্বাচন সুষ্ঠু হবে না, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী প্রক্রিয়াও স্বচ্ছ করতে হবে। কারণ, রিটার্নিং কর্মকর্তা হিসেবে একজন জেলা প্রশাসকও খুঁজে পাওয়া যাবে না, যাঁর ওপর আস্থা রাখা যায়। আজ শনিবার সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ (সিএসপিএস) আয়োজিত গোলটেবিল অনুষ্ঠানে আকবর আলি খান এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এই গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন সাবেক সচিব শাহ আবদুল হান্নান। আকবর আলি খান বলেন, নির্বাচন-প্রক্রিয়া স্বচ্ছ না করে শুধু নির্দলীয় সরকার ফিরিয়ে আনলে চলবে না। কারণ, প্রশাসনে অবক্ষয় ঘটেছে। জেলা প্রশাসকদের হাতে ব্যালট বাক্স নিরাপদ নয়। স্বচ্ছতার জন্য রিটার্নিং কর্মকর্তা ও ভোটকেন্দ্রের তালিকা নির্বাচনের ছয় মাস আগে প্রকাশ করতে হবে। এ বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে এবং তা যৌক্তিক বিবেচিত হলে সেই রিটার্নিং কর্মকর্তা ও ভোটকেন্দ্র পরিবর্তন করতে হবে। বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়ার কারণ হিসেবে আকবর আলি খান বলেন, রাষ্ট্রের সব ক্ষমতা একটি অফিসে সীমাবদ্ধ। শাসনব্যবস্থা কেন্দ্রীভূত। রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের চর্চা নেই। এ কারণে গণতন্ত্র বিপন্ন হওয়ার পথে। এ সমস্যার সমাধান দলগুলোকেই করতে হবে। কারণ, সমস্যা তারা তৈরি করেছে। আর তারা যদি তা না করে, তবে এ বিষয়ে তৃণমূলে জনমত তৈরি করতে হবে। অনুষ্ঠানে ‘সমকালীন বাংলাদেশের রাজনীতি: প্রধান সংকট ও উত্তরণ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান মোহাম্মদ। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীনেরা কখনো জয়লাভ করেনি। এই সমীকরণ থেকে আওয়ামী লীগ নিজেদের পরাজয় সম্পর্কে নিশ্চিত হয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে। নির্বাচন কমিশন নয়, সরকারই নির্বাচন পরিচালনার মূল নিয়ন্ত্রক। তাই সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতে হবে।প্রাবন্ধিক ফরহাদ মজহার বলেন, ‘রাজনৈতিক চিন্তায় আমরা প্রাগৈতিহাসিক। এখানে কতিপয় সিন্ডিকেট দেশ পরিচালনার নামে লুণ্ঠন করে যাচ্ছে। এরা বিচারব্যবস্থা ও নাগরিকের নিরাপত্তায় বিশ্বাস করে না। এ অবস্থায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নয়, রাজনীতিই প্রধান সমস্যা। এখন যারা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চায়, আমরা তাদেরও বিরুদ্ধে। কারণ, তারা এর মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায়। সুতরাং, তত্ত্বাবধায়কের চিন্তা বাদ দিয়ে রাজনীতিকে রক্ষার চিন্তাভাবনা করতে হবে।’ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম বলেন, বাংলাদেশের রাজনীতি দুটি দল, ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক। এ দুটি দলের কাঠামো থেকে বের হয়ে বিকল্প কিছু না করলে তত্ত্বাবধায়ক দিয়েও কাজ হবে না। আওয়ামী লীগ-বিএনপি, হাসিনা-খালেদার বাইরে তৃতীয় কোনো দল নিয়ে ভাবতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হায়দার আলী, সাংবাদিক সাদেক খান, মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।