শুধু তানভীরকে গ্রেপ্তার করলে টাকা আদায় হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হলমার্কের কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের পরিচালকদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে বলেছেন, শুধু তানভীরকে গ্রেপ্তার করলে টাকা আদায় হবে না। মূল হোতারা আড়ালে পড়ে যাবেন। আজ বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও বিএনপির নেতা নাসিরউদ্দিন পিন্টুর মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ঈদের পর সারা দেশের মানুষ রাস্তায় নামবে। তখন দেশ অচল হয়ে যাবে। তিনি বলেন, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশ সচল হবে না। চারদিকে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। এই সরকার পালানোর পথ খুঁজছে। কিন্তু তাঁরা পালানোর পথ পাবে না। বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, সরকার বিএনপির নেতাদের নামে গুম ও হত্যার তালিকা করেছে। হামলা, মামলা করছে। কিন্তু এসব করে সরকার ক্ষমতায় স্থায়ী হতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।