শুধু দুমুঠো খাবারের বিনিময়ে নিরন্তর খাটছে অসংখ্য শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইস্কুল ছাইড়া না দিলে তো এক বছর পর মেট্রিক (এসএসসি) দিবার পারতাম। দোকানেই হারা দিন-রাইত থাহি। খাওন দেয়। অখন টেকা দেয় না। কয় অখন টেকার ধান্দা করবা না। বড় হও। বড় হইলে কামও শেখা হইয়া যাইব, তখন টেকাও পাইবা।’ঢাকার পলাশী বাজারের একটি দোকানে শুধু থাকা ও খাওয়ার বিনিময়ে কাজ করা ১৪ বছরের শিশু সুজনের অল্প দিনের ‘কর্মজীবনের’ অভিজ্ঞতা এটাই। বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে পেটের দায়ে স্কুল ছেড়ে কাজ করতে এসেছে সে।সুজন একা নয়। জীবিকার জন্য সব বয়সী মানুষের কাছে সবচেয়ে বড় চুম্বক রাজধানী ঢাকাসহ সারা দেশে শিশু শ্রমিকের সংখ্যা বিশাল। স্কুলে যাওয়ার বয়সেই নিজের ও কোনো কোনো ক্ষেত্রে পরিবারের রুটি-রুজির জন্য ঘাম ঝরানোতেই শেষ নয়। অনেক ক্ষেত্রেই কাজের জন্য থাকা-খাওয়ার বাইরে কোনো পারিশ্রমিক পাচ্ছে না তারা। মে দিবসকে সামনে রেখে এপ্রিলের শেষ সপ্তাহে এ প্রতিবেদক রাজধানীর যে কটি শিশুশ্রমিকের সঙ্গে কথা বলেছেন তাদের প্রায় সবার অভিজ্ঞতাই পলাশী বাজারের সুজনের মতো। সংগত কারণেই বাংলাদেশের বাস্তবতায় শিশুশ্রমিক বলতে যাদের বোঝায় তাদের সংখ্যা পুঙ্খানুপুঙ্খভাবে নিরূপণ প্রায় অসম্ভব। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০০৬ সালের এক হিসাবে দেশে শিশুশ্রমিকের সংখ্যা ৭৪ লাখ। এদের বয়স পাঁচ বছর থেকে ১৭ বছরের মধ্যে। বেসরকারি হিসাবে এ সংখ্যা এখন আরও অনেক বেশি, এক কোটির কাছাকাছি।রাজধানীতে প্রথম আলোর অনুসন্ধানে পুরান ঢাকাতেই মূল্যহীন শিশুশ্রমের চিত্র চোখে পড়েছে সবচেয়ে বেশি। পুরান ঢাকা ঘুরে দেখা গেছে, এ এলাকার শিশুশ্রমিকের অধিকাংশের বয়স আট থেকে ১৫ বছরের মধ্যে। এদের বেশির ভাগেরই পরিশ্রমের কোনো আর্থিক মূল্য নেই। শুধু দুই বেলা খাওয়া ও থাকার সুবিধা দিয়েই কারখানা বা দোকানমালিক শিশুর শ্রম শুষে নিচ্ছে। কম ব্যয়সহ নানা সুবিধার কারণে বয়স্কদের চেয়ে শিশুদের নিয়োগেই অনেক ক্ষেত্রে মালিকেরা আগ্রহী বেশি। ‘ওগোই টাকা দেওয়া উচিত’: পুরান ঢাকার একটি গাড়ি মেরামতের দোকানের মালিক সিদ্দিকুর রহমান বলেন, ‘অগো কি পয়সা দিমু। এট্টা নাট-বল্টুই তো ঠিকমতো খুলবার পারে না। অরা অখন কাম শিখবার চায়। হাতের কাম শেখনের একটা ব্যবস্থা কইরা দিলাম।’ ছাপাখানার মালিক জহিরুল হকের গলায়ও একই সুর ‘অরা যে কাম শিখবার পারতাছে এর লাইগা উল্টা আমারেই অগো টেকা দেওন উচিত। ঠিকমতো এট্টা বাইন্ডিং করবার পারে না।’ অনুসন্ধানে দেখা গেছে, পুরান ঢাকার লোহা-লক্করের কারখানা, নানা ধরনের গ্যারেজ, পুরোনো জিনিসপত্র বিক্রির দোকান, ঝুঁকিপূর্ণ রাসায়নিকের দোকান ও গুদাম, পাড়ার ক্ষুদ্র শিল্পকারখানা ও দোকানপাটে অনেক শিশুশ্রমিক নিয়োজিত রয়েছে। এসব শিশু শ্রমিকের বেশ কয়েকজন এ প্রতিবেদককে জানিয়েছে, তাঁদের কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। দু-একজনকে যাও দেওয়া হয় তা একেবারেই নগণ্য। এ বিষয়ে মালিকদের যুক্তি আগেই বলা হয়েছে।এ ছাড়া শিশুশ্রমিকদের বেলায় শ্রম আইন দূরে থাক, কোনো আইনেরই তোয়াক্কা নেই। অনেক কারখানার মালিকদের পছন্দের শ্রমিক শিশুরাই। মালিকরাই বলেন, শিশুদের শ্রমিক হিসেবে নেওয়ার সুবিধা তিনটি। বেতন দিতে হয় না, সব কথা মানানো যায় আর কাজ পছন্দ না হলে ধমক দেওয়া যায়। মোটের ওপর স্বল্প খরচে বেশি লাভ। এভাবে শুধু ‘পেটেভাতে’ বা নামমাত্র পারিশ্রমিকে শিশুদের কাজে নিয়োজিত করার বিষয়ে গবেষণা সংস্থা ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুুর রহমান প্রথম আলোকে বলেন, অধিকাংশ ক্ষেত্রে শিশুরা নিজে থেকেই ওই শর্তে রাজি হয়ে এসেছে। তবে এর প্রধান কারণ হচ্ছে অতিদারিদ্র্য।এক কোটি শিশু শ্রমিক: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোও (বিবিএস) গত ২০০২-২০০৩ সাল থেকে শিশু শ্রমিকদের নিয়ে গবেষণা করেছে। বিবিএসের করা সর্বশেষ (২০০৬ সাল) সমীক্ষায় দেখা গেছে, ঢাকায় এক লাখ ৪২ হাজার শিশু গৃহকর্মীর কাজ করছে। সারা দেশে শিশু গৃহকর্মীর সংখ্যা চার লাখ ২১ হাজার ২২৬। একই গবেষণায় বলা হয়েছে, ঢাকায় পথশিশু রয়েছে তিন লাখ ৩৪ হাজার ৮০৭টি। এরাও কেউ না কেউ কোনো ধরনের শ্রমে নিয়োজিত। গৃহকর্মী ও পথশিশুদের বিভিন্ন ধরনের নির্যাতন এবং হয়রানির শিকার হওয়া সাধারণ ব্যাপার।বিবিএস সূত্র জানায়, তাদের ওই সমীক্ষা মতে, সারা দেশে পথশিশুর সংখ্যা চার লাখ ৪৫ হাজার ২২৬। আর সারা দেশে ২৪ লাখ শিশু কোনো না কোনো ধরনের কাজের সঙ্গে জড়িত। এভাবে দেশে পাঁচ থেকে ১৭ বছর বয়সী শিশুশ্রমিকের মোট সংখ্যা ৭৪ লাখ।এ ব্যাপারে আইন ও শালিস কেন্দ্রের শিশু অধিকার ইউনিটের জ্যেষ্ঠ উপপরিচালক গীতা চক্রবর্তী প্রথম আলোকে বলেন, শিশুশ্রমিকদের সংখ্যা প্রতি বছরই বাড়ছে। তাই এটি বিবিএসের গবেষণা ও জরিপের ফলকে অনেকখানি ছাড়িয়ে যাবে। এখন সারা দেশে শিশুশ্রমিকের সংখ্যা হবে প্রায় এক কোটি।সরকারের ভাবনা: এ ব্যাপারে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন প্রথম আলোকে বলেন, ‘শিশুশ্রম কমানোর ব্যাপারে সরকারের বেশ কয়েকটি প্রকল্প চলছে। আরও কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হবে। এগুলো বেশ ফলপ্রসূ হবে বলে আমাদের আশা। ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ বন্ধেও পদক্ষেপ নেওয়া হবে।’