শুধু নারীর জন্য
মালয়েশিয়ায় শুধু নারীদের চলাচলের জন্য ট্যাক্সি সার্ভিস চালু করা হয়েছে। নারীদের হয়রানির হাত থেকে রক্ষা করতে গোলাপি রঙের ট্রেন ও বাস সার্ভিসের পর এবার নতুন এই পদক্ষেপ নেওয়া হলো।দৈনিক পত্রিকা স্টার ও নিউ স্ট্রেইটসের খবরে আজ রোববার বলা হয়, প্রায় ৫০ জন নারী ট্যাক্সিচালক এরই মধ্যে কুয়ালালামপুরে তাঁদের কাজ শুরু করেছেন। যাত্রীরা টেলিফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবেন। নারীদের জন্য বিশেষ এই ট্যাক্সির সংখ্যা বেড়ে ৪০০ করা হবে বলে সরকার আশা করছে।নারী, পরিবার ও কমিউনিটি উন্নয়নবিষয়ক উপমন্ত্রী হেং সেই কি এই সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এসব ট্যাক্সিতে করে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। যেসব নারী ট্যাক্সিচালক হতে চান, তাঁদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। মন্ত্রী বলেন, ‘এতে করে ধর্ষণ ও ট্যাক্সিচালকদের সহায়তায় ডাকাতির ঘটনা কমে আসবে বলে আমরা আশা করি।’এর আগে গত বছরের শেষদিকে মালয়েশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বাস কোম্পানি নারীদের হয়রানি বন্ধে কুয়ালালামপুরের বিভিন্ন রুটে বাস সার্ভিস চালু করে। এসব বাসে শুধু নারীরাই চলাচল করেন। এ ছাড়া মালয়েশিয়ায় নারীদের জন্য ট্রেনে বিশেষ বগির ব্যবস্থাও চালু করা হয়েছে। বাসস।