পুরোনো মলিন পাতারা ঝরে পড়ছে দমকা হাওয়ায়। আমের শাখাগুলো ভরে উঠেছে মুকুলে মুকুলে। প্রকৃতিতে বসন্তের আগমনের এই রূপটি শহরে ভালো করে দেখার সুযোগ সীমিত হলেও বিকেলে যাঁরা বাংলা একাডেমীর বইমেলায় যাচ্ছেন, তাঁরা কিন্তু ঋতুরাজের প্রভাব খানিকটা হলেও দেখতে পাবেন। শাহবাগ বা প্রেসক্লাব মোড় পার হওয়ার পর দুই পাশের গাছগাছালির দিকে তাকালেই চোখে পড়বে তা। একটু মনোযোগ দিয়ে কান পাতলে কোকিলের ডাকাডাকি শুনতে পাওয়াও বিচিত্র নয়। যাঁরা আসছেন বাসন্তী হাওয়ায়, কেনাকাটা ঘোরাফেরায় তাঁদের মেলায় বিকেলটি কাটছে চমত্কার।সারা দেশেই বইমেলা হওয়া উচিত: মেলা চত্বরে গতকাল বুধবার কথা হলো মুক্তিযুদ্ধের সময় কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতাদের অন্যতম বেলাল মোহাম্মদের সঙ্গে। অধুনা তিনি যুক্তরাষ্ট্র-প্রবাসী। এবার মেলায় তাঁর দুটি বই আসছে। মাওলা ব্রাদার্স থেকে গল্পের আঙ্গিকে সমকালীন নানা প্রসঙ্গ নিয়ে লেখা গল্পের মতো এবং মিজান পাবলিশার্স থেকে গল্পগ্রন্থ চৌরস। মেলা প্রসঙ্গে বেলাল মোহাম্মদ বললেন, ‘এই মেলার ভূমিকা তো খুবই গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় সারা দেশে, অন্তত প্রাথমিক পর্যায়ে সব জেলা শহরে বইমেলা অনুষ্ঠিত হওয়া দরকার। পশ্চিমবঙ্গে দেখেছি, কলকাতার কেন্দ্রীয় মেলাটির পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও বইমেলা হয়।’একাত্তরের এ শব্দসৈনিকের বক্তব্য হচ্ছে—মফস্বলের বই বিক্রেতাদের পক্ষে মেলা আয়োজন করা সম্ভব নয়, ঢাকার সাহায্য ছাড়া। তবে ঢাকার মতো এত বড় মেলা করতে হবে এমন কোনো কথা নেই; ছোট হলেও চলবে। তাতে সারা দেশের মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে উঠবে। শিক্ষা বিস্তারেও বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।‘বাংলা একাডেমী হয়তো সারা দেশে মেলা করতে পারবে না। সরকারের জাতীয় গ্রন্থকেন্দ্র বলে যে বিভাগটি রয়েছে, তাদের দায়িত্ব সারা দেশে বইমেলা করা। গুরুত্বের সঙ্গে এই কাজটি তাদের করা উচিত’—মত দিলেন বেলাল মোহাম্মদ।মোড়ক উন্মোচন: নজরুল মঞ্চে গতকাল বেশ কয়েকটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এর মধ্যে ছিল যুক্তরাজ্য-প্রবাসী কবি শামীম আজাদের কাব্যগ্রন্থ জন্মান্ধ জুপিটার। আগামী থেকে প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করেন মুনতাসীর মামুন। অন্য বইগুলোর মধ্যে ছিল ভাষাপ্রকাশ থেকে দিলদার হোসেনের প্রবন্ধ জাপানে বঙ্গবন্ধু, মিলটন রহমানের কাব্য চূর্ণকাল, ওমর ফারুক রচিত প্রবন্ধ রক্তাক্ত পিলখানা, হারুণ অর রশিদের প্রবন্ধ ডিজিটাল বাংলাদেশ, রুবানা ইসলামের শিশুতোষ গ্রন্থ একটা সাদা বকপাখি ইত্যাদি।এ ছাড়া আগামী প্রকাশনীর স্টলের সামনে তাদের প্রকাশিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর মোড়ক উন্মোচন করেন আমীর-উল ইসলামসহ কয়েকজন। ১৯৭২ সালের প্রথম হাতে লেখা অলংকৃত সংবিধানটির হুবহু মুদ্রিত প্রতিলিপি এটি।নতুন বই: এ দিন ১০৭টি নতুন বই জমা পড়েছে তথ্যকেন্দ্রে। এর মধ্যে ছিল—রূপ প্রকাশনী থেকে হায়াত্ মামুদের প্রবন্ধ ‘সময়ের সঙ্গে বোঝাপড়া’, জনতা থেকে সেলিনা হোসেনের কিশোর উপন্যাস ‘পুটুস পাটুসের জন্মদিন’, শিখা থেকে আনজীর লিটনের কবিতা ‘মেয়ের ঝুমঝুমি’, কৃষ্ণচূড়া থেকে আলম তালুকদারের জীবনীগ্রন্থ ‘আলোকিত বাঙালি’, শুদ্ধস্বর থেকে প্রশান্ত মৃধার জার্নাল ‘সন্ন্যাসের সহচর’, স্টুডেন্ট ওয়েজ থেকে কাওসার আহমেদ চৌধুরীর জ্যোতিষ শাস্ত্রবিষয়ক ‘ভাগ্য জানার সহজ উপায়’, অন্যপ্রকাশ থেকে মাজহারুল ইসলাম সম্পাদিত রান্নার বই ‘পাঁচ তারকা হোটেলের রান্না’, শ্রাবণ থেকে দেলোয়ার হোসেনের প্রবন্ধ ‘চলচ্চিত্রের ইতিহাস ও বাংলাদেশের চলচ্চিত্র’, যুক্ত প্রকাশ থেকে এসেছে সেলিনা খান শেলীর নারীর স্বাস্থ্যবিষয়ক চল্লিশে শুরু নতুন জীবন, রওশন আরা খানমের গল্পগ্রন্থ গোলাপ-সূর্যমুখীর গল্প। এ ছাড়া অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে বরেণ চক্রবর্তীর ভ্রমণকাহিনী পিকাসোর রঙ মাইকেলাঞ্জেলোর হাতুড়ি। এতে ভ্রমণের অভিজ্ঞতার পাশাপাশি ইউরোপের বিখ্যাত আর্ট গ্যালারিগুলোর কালজয়ী শিল্পকর্মের বিস্তারিত বিবরণ ও ছবি রয়েছে। রোদেলা থেকে প্রকাশিত হয়েছে অদিতি ফাল্গুনীর উপন্যাস নক্ষত্র, শাপলা, স্পার্টাকাস ও ভাসানযাত্রার গল্প, ভাষাচিত্র থেকে এসেছে কবিতা ডাউন আন্ডার নামে অস্ট্রেলীয় কবিতার অনুবাদ। সম্পাদনা ও অনুবাদ করেছেন অংকুর সাহা, সুব্রত অগাস্টিন গোমেজ ও সৌমদাশ গুপ্ত, অনন্যা থেকে এসেছে দন্ত্যস রওশনের কিশোর গল্প ফেলটুস অথবা ফেলুবাবু, অন্বেষা থেকে এসেছে সুমন কুমার দাশ সম্পাদিত সাক্ষাত্কথায় শাহ আবদুল করিম, পাঠসূত্র থেকে লতিফুল ইসলামের কাব্য তুমি আমার কষ্টগুলো সবুজ করে দাও, বিদ্যা প্রকাশ থেকে আহমেদ মাওলার প্রবন্ধ মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের সৃজনশীল সাহিত্য ইত্যাদি।একুশের প্রবন্ধ: মেলার মূলমঞ্চে গতকাল আলোচনার বিষয় ছিল একুশের প্রবন্ধ। সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম চৌধুরী। প্রবন্ধ পড়েন স্বরোচিষ সরকার। আলোচক ছিলেন মফিদুল হক, শাহিনূর রহমান, আহমদ মাযহার ও ফারজানা সিদ্দিকা। পরে নাদিরা বেগম, মোস্তাফিজুর রহমান, বিশ্বনাথ মোহন্ত, হালিমা পারভিন প্রমুখ ভাওয়াইয়া ও ভাটিয়ালি গান শোনান।