শুধু বই বিক্রির দিন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশ আসবে—সবাই যেন এ প্রতীক্ষা করে ছিলেন। মেলায় উপচে পড়া ভিড় দেখে তাই মনে হলো।অমর একুশে বইমেলায় একুশে ফেব্রুয়ারির দিনটি সব সময় একটু অন্য রকম থাকে। কারণ, একুশ তো বাঙালির নিজের পরিচয়কে আরেকটু শাণিয়ে নেওয়ার দিন, শিকড়ে ফেরার দিন।সকাল আটটা বাজার সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয় মেলার তোরণ। সকালে শহীদ মিনারে লাখো মানুষ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন শেষে ছুটে যান বইমেলা প্রাঙ্গণে। সারা দিনই ভিড় ছিল। তবে বিকেলে হাজারো মানুষ সমাবেশ থেকে গেছেন বইমেলায়, আবার বইমেলা থেকে ফিরে এসেছেন সমাবেশে। তবে সন্ধ্যা সাতটা বাজার আগে প্রজন্ম চত্বরের সমাবেশে আন্দোলনের কর্মসূচি ঘোষিত হওয়ার পর মেলায় তিল ধারণের ঠাঁই ছিল না। নানা বয়সী মানুষ নানা ‘অ’, ‘আ’, ‘ক’, ‘খ’সহ বাংলা বর্ণমালাখচিত পোশাক পরে ঘুরেফিরে দেখেছেন মেলা। রাত নয়টায় মেলার সময় শেষ হওয়ার আগমুহূর্তেও ছিল বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। তবে প্রকাশকেরা জানালেন, এ রকম ভিড়ে বই কেনার চেয়ে ঘোরাঘুরিটাই বেশি হয়। তবে বেচাকেনাও নেহাত মন্দ হয়নি বলে জানান তাঁরা।সন্ধ্যায় মেলায় যত মানুষ ঢুকেছে, ভিড়ের কারণে ফিরে গেছেন তার চেয়ে বেশিসংখ্যক মানুষ। আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি বলেন, ‘এমন ভিড় সত্যিই নজিরবিহীন। বই বিক্রিও বেশ হয়েছে। তবে এ দিনটি শুধু বিক্রির জন্য নয়। এই যে এত মানুষ মেলায় আসছেন, অনেকে আবার বাচ্চাকে সঙ্গে নিয়ে এসেছেন—এর মধ্য দিয়ে বইয়ের প্রতি আবেগেরই প্রকাশ ঘটেছে।অমর একুশে বক্তৃতা: মেলা মঞ্চে অমর একুশে বক্তৃতা দিলেন সৈয়দ শামসুল হক। ‘ভাষা ও ভাষাবোধ’ শীর্ষক বক্তৃতায় তিনি বলেন, ‘ভাষার সঙ্গে সঙ্গে চলে আসে ভাষাবোধের আবশ্যিকতা। কারণ, ভাষা যদি প্রকরণিক বিষয় হয়, ভাষাবোধ তবে চেতনাগত বিষয়। যে চেতনা না থাকলে জীবিত ভাষাকেও মৃতবৎ মনে হয়। বায়ান্নর রক্তস্নাত বাংলা ভাষার দেশ বাংলাদেশে ভাষাবোধ আজ বিপন্ন। ভাষা সাম্রাজ্যবাদের দাপটে আমাদের অভিভাবকেরা আজ বাংলা ভাষা শিখিয়ে সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নির্মাণ করতে পারছেন বলে মনে করছেন না।’মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত এ বক্তৃতানুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর সভাপতি আনিসুজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।সভাপতির ভাষণে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘ভাষা ও মানুষ অবিচ্ছিন্ন। ভাষাবোধ গড়ে না উঠলে সচেতন মানুষ হওয়া সম্ভব নয়। বাংলা ভাষায় চলমান নৈরাজ্য দূরীকরণে এই ভাষাবোধের পুনর্জাগরণ জরুরি।’নতুন বই: গতকাল মেলায় নতুন বই এসেছে ২২৫টি। এ নিয়ে গত ২১ দিনে মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা দুই হাজার ৩৪৭। গেলবার ২১ দিনে মেলায় এসেছিল দুই হাজার ৭৯২টি নতুন বই। গতবারের তুলনায় এবার এ পর্যন্ত ৪৪৫টি বই কম প্রকাশ পেয়েছে। গতকাল প্রথমা প্রকাশন থেকে মেলায় এসেছে আনিসুজ্জামানের চেনা মানুষের মুখ । এ বইটিতে শিক্ষাবিদ আনিসুজ্জামান যাঁদের কথা লিখেছেন, তাঁরা আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের অন্তর্গত। ৫০ বছর ধরে বিভিন্ন সময়ে লেখা প্রবন্ধগুলোতে আছে ওই মানুষগুলোর কৃতির আলোচনা, কোথাও তাঁদের সম্পর্কে স্মৃতিচারণা, কোথাও বা কৃতির কথা ও স্মৃতির কথা মিলেমিশে গেছে। সরদার ফজলুল করিমের আত্মকথা আমি সরদার বলছি মেলায় এনেছে অন্বেষা। দুই খণ্ডে দ্বিজেন শর্মার প্রকৃতিবিষয়ক রচনার সংকলন প্রকৃতিসমগ্র-১ মেলায় এনেছে অনিন্দ্য। আন্দালিব রাশদীর উপন্যাস ভারপ্রাপ্ত সচিব মেলায় এনেছে অন্বেষা। আন্দালিব রাশদী বলেন, এ উপন্যাসটি তাঁর প্রতিমন্ত্রী পড়ে পাঠকের মনে যেসব প্রশ্নের জন্ম হয়েছে, সেগুলোর জবাব দিতে লেখা হয়েছে ভারপ্রাপ্ত সচিব। সৈয়দ শামসুল হকের শ্রেষ্ঠ গল্প জনতা প্রকাশ, রফিক আজাদের নির্বাচিত-২০০ কবিতা বিভাস, রফিকুর রশীদের একুশের গল্প সাহিত্যবিলাস, সুহিতা সুলতানার কাব্যগ্রন্থ হে জলের অবগুণ্ঠন জ্যোৎস্না পাবলিশার্স, আলফ্রেড খোকনের আমার (অ)সাধারণ বন্ধুরা শুদ্ধস্বর, খালেদ মুহিউদ্দীনের উপন্যাস ১৪১৯ অনন্যা, মতিন রায়হানের প্রবন্ধ আলাপন ও অন্যান্য সমাচার, অপূর্ব শর্মার মুক্তিযুদ্ধের এক অসমাপ্ত অধ্যায়: ফিরে আসেনি ওরা গদ্যপদ্য থেকে মেলায় এসেছে।মেলা মঞ্চে আজ: আজ মেলায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত থাকবে শিশুপ্রহর। মেলা মঞ্চে বিকেল চারটায় স্বামী বিবেকানন্দের ওপর আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন সৈয়দ আবুল মকসুদ।