শুধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অসম্ভব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার সঙ্গে আলোচনার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শুধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এ কাজ করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে নই। ব্যবসায়ীরা মুনাফা করবেন, এটাই স্বাভাবিক। তবে সেটা যেন সহনশীল পর্যায়ে হয়। আমি আশা করব, দ্রব্যমূল্য জনগণের নিয়ন্ত্রণে রেখে তাঁরা ব্যবসা করবেন। আমরা ব্যবসায়ীদের তা বোঝানোর চেষ্টা করছি। ইতিমধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আমদানিকারকদের সঙ্গে কথা বলছি। তাঁরা যেসব সমস্যার কথা বলেছেন, সেসব দূর করার ব্যবস্থা নেওয়া হয়েছে।’আজ বুধবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।চট্টগ্রামের সাংসদ সামশুল হক চৌধুরীর এক সম্পূরক প্রশ্নে বলেন, ‘ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীন। এসব ব্যবসায়ীর বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না।’জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু ব্যবসায়ীদের ওপর চাপ দিলে হবে না। তাঁদের সমস্যাও দেখতে হবে। তারা যেন দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখেন, আমরা সে অনুরোধ করব। তার পরও, কেউ মজুদদারি করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দেশে দ্রব্যমূল্য কম। তবে হঠাত্ করে কেউ যাতে দাম বাড়িয়ে দিতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।আওয়ামী লীগের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, খাদ্যের মজুদ বাড়ানোর জন্য বিভিন্ন দেশ থেকে খাদ্য আমদানি করা হচ্ছে। শেখ হাসিনা বলেন, ‘একটু দাম বাড়লে কৃষকরা খুশি হন। কিন্তু যাঁরা সীমিত আয়ে চলেন, তাঁদের একটু অসুবিধা হয়ে যায়। এই সীমিত আয়ের মানুষের কষ্ট লাঘবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।’