শুধু ভারত নয়, নেপাল ও ভুটানের সঙ্গেও সম্পর্ক জোরদারের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ভারত নয়, বাংলাদেশের লক্ষ্য হলো নেপাল ও ভুটানের সঙ্গেও আঞ্চলিক সহযোগিতার সম্পর্ক জোরদার করা। বাংলাদেশ-ভারত যৌথ ঘোষণার নেপথ্যে এ বিষয়টিও রয়েছে। তবে বাংলাদেশ যেমন সড়ক যোগাযোগের বিষয়টি নিয়ে চেষ্টা করছে, ভারতেরও উচিত হবে জ্বালানি সহযোগিতা, নদীর পানির ন্যায্য হিস্যা, সীমান্ত ও সমুদ্রসীমার বিষয়গুলোর ব্যাপারে সমাধানের উদ্যোগ নেওয়া। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশ-ভারতের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া’ বিষয়ক সংলাপে এসব বক্তব্য তুলে ধরা হয়। সংলাপে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান ও সিপিডির গবেষক এম রহমতউল্লাহ। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান সঞ্চালকের দায়িত্ব পালন করেন।সিপিডির নির্বাহী পরিচালক তাঁর প্রবন্ধে বলেন, ভারত হতে পারে বাংলাদেশের অন্যতম বাজার। ভারতে যেসব পণ্য বর্তমানে রপ্তানি হচ্ছে, সেগুলোর সঙ্গে নতুন নতুন আরও পণ্য যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এ জন্য যথাযথ নীতি প্রণয়ন দরকার। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো সহজেই পরিণত হতে পারে বাংলাদেশি পণ্যের বাজারে। অবশ্য ওই রাজ্যগুলোর অর্থনৈতিকভাবে উন্নত হওয়ারও দরকার রয়েছে। এ জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করা জরুরি। প্রবন্ধে বলা হয়, বন্দর ব্যবহারের সুযোগও উন্মুক্ত করতে হবে, এতে ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। অন্যরা ব্যবহার করলে বাংলাদেশের আয়ও বাড়বে এতে। এ জন্য দরকার ভারতের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি। এম রহমতউল্লাহ তাঁর প্রবন্ধে বলেন, আঞ্চলিক সম্পর্ক ভালো না থাকলে কঠিন মূল্য দিতে হবে বাংলাদেশকে। আর শুধু ভারতের সঙ্গে নয়, নেপাল ও ভুটানের সঙ্গেও সহযোগিতামূলক সম্পর্ক উন্নত করা দরকার। এ জন্য চট্টগ্রাম ও মংলা বন্দরের উন্নয়ন এবং রেলপথ সুবিধা বাড়াতে হবে। তবে বন্দর, রেলপথ, নৌপথ বা সড়কপথ ব্যবহারের বিষয়টি এমনভাবে করতে হবে, যাতে সব পক্ষই লাভবান হয়। ভিসা পদ্ধতিও সহজ করা দরকার। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, বাংলাদেশ-ভারতের সাম্প্রতিক উদ্যোগটির উদ্দেশ্য হচ্ছে উভয় দেশের সম্পর্ক সুদৃঢ় করা এবং অমীমাংসিত বিষয়গুলো সুরাহা করা। আরও বড় উদ্দেশ্যও রয়েছে, যা গোপন নয়। সেটি হচ্ছে আঞ্চলিক সহযোগিতা।পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, পুরো অঞ্চলেই আঞ্চলিক সম্পর্ক জোরদার করা হবে। তা হবে নেপাল ও ভুটানকে সঙ্গে নিয়ে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় যে যৌথ ঘোষণা দেওয়া হয়েছে, তাতে এই বিষয়গুলোও রয়েছে। দীপু মনি বলেন, ১৯৯২ ও ২০০৬ সালে তত্কালীন প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়ও যৌথ ঘোষণা ছিল। দুঃখের সঙ্গে এবং লজ্জার সঙ্গে বলতে হয়, এর একটিতে ১৫টি এবং অপরটিতে আটটি অনুচ্ছেদ ছিল ঠিকই, কিন্তু বাংলাদেশের জন্য ইতিবাচক উল্লেখ করার মতো স্পষ্ট তেমন কিছু ছিল না। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান বলেন, ভারতের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি। তার পরও ভারত থেকে বাংলাদেশের ওপর দিয়ে আবার ভারতেই যাওয়ার সুযোগ করে দিলে মূলত ভারতই উপকৃত হবে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। মশিউর রহমান ভারত থেকে কেন আমদানি করা হবে এবং ভারতে কী পরিমাণ রপ্তানিই বা করার সুযোগ রয়েছে—এ দুই বিষয় নিয়ে কাজ করার তাগিদ দেন। তিনি বলেন, নিজস্ব স্বার্থ বজায় রেখে ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে সাম্প্রতিক বাংলাদেশ-ভারত যৌথ ঘোষণা একটি উল্লেখযোগ্য দিক। এর মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির পদক্ষেপ নিয়ে সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ। সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান বলেন, নেপাল, ভুটান ও ভারতকে সঙ্গে নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা দরকার। তাহলেই আঞ্চলিক সম্পর্ক বাড়ানোর বিষয়টি এগিয়ে যাওয়া সম্ভবপর হবে। এমসিসিআইয়ের সভাপতি এম আনিসউদ্দৌলা বলেন, আঞ্চলিক সহযোগিতা আজ জরুরি। কিন্তু এ সহযোগিতা পেতে মানসিকতার পরিবর্তন দরকার। আর দরকষাকষি এমনভাবে করতে হবে যাতে উভয়েই লাভবান হয়।আলোচনায় আরও অংশ নেন সাংসদ ফজলুল আজিম, বাণিজ্যসচিব গোলাম হোসেন, এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ প্রমুখ।