হলমার্কের ঘটনাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘শুধু সোনালী ব্যাংক নয়, অনেক লোক এতে জড়িত বলে আমার সন্দেহ হয়।’ব্যাংকিং পদ্ধতির মধ্যে এত বড় জালিয়াতি হতে পারে কি না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ‘শুধু এক হাতে তালি বাজে না। সবারই কিছু দোষ আছে।’আজ রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। সংবাদ ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আরও বলেন, হলমার্কের ঘটনায় যথেষ্ট তদন্ত করা হয়েছে। এখন মামলা করা জরুরি। তিনি বলেন, ‘অনেকেই দেশ থেকে পালানোর ফন্দিফিকির করছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।’ আবুল মাল আবদুল মুহিত এ বিষয়ে সাবধান হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ব্যাংক খাতে ধস নেমেছে, এ কথা বলা ঠিক নয়। এর নেতিবাচক প্রভাব পড়ে বিদেশে। পদ্মা সেতু প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের পদত্যাগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটা পদত্যাগের প্রশ্ন নয়। বিশ্বব্যাংক পদত্যাগ চেয়েছে। এর কোনো যৌক্তিকতা নেই। আবুল হোসেন তো পদত্যাগ করেছেন। তারা চেয়েছিল পদ্মা সেতু প্রকল্পে কিছু লোকের সম্পৃক্ততা যাতে না থাকে। ছুটিতে পাঠানো হলেও হতো। কিন্তু আবুল হোসেন যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব, তাই তিনি পদত্যাগই করেছেন।’ গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংককে ভালোভাবে টিকিয়ে রাখতে চাই। সামনে আমাদের উদ্দেশ্য হচ্ছে এমডি নিয়োগ করা।’