শুধুই আইপ্যাড!(ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ মার্চ বুধবার সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রায় পুরো বছর জুড়ে বিভিন্ন প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইটে চলমান গুজবের অবসান ঘটিয়ে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক হাই ডেফিনেশন ডিসপ্লে, দ্রুতগতির প্রসেসর ও ফোর জি বা চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক উপযোগী ৯.৭ ইঞ্চি মাপের নতুন আইপ্যাড উন্মোচন করেছেন।অ্যাপল তাদের নতুন সংস্করণের এ আইপ্যাডটি বাজারে আনলেও ডিভাইসটির জন্য কোনো নাম ঠিক করেনি। অ্যাপলের ওয়েবসাইটে একে স্রেফ ‘নতুন আইপ্যাডই’ বলেই অভিহিত করা হয়েছে। অবশ্য পণ্যটির বাজারে আসার খবর দিয়ে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সাইটে এর নাম আইপ্যাড এইচডি, আইপ্যাড ৩ নামে উল্লেখ করা হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন ক্রেতাদের মধ্যে ‘আইপ্যাড’ নামটি বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। কারণ অ্যাপল আইপ্যাড ২ সংস্করণটির ব্যবসা আরও কিছুদিন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। সম্প্রতি টিওআই এক খবরে এ তথ্য দিয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা একে ভিন্ন নামে ডাকলেও অ্যাপল তাদের ওয়েবসাইটে এর নাম স্রেফ ‘নিউ আইপ্যাড’ বলে জানিয়েছে। ডিভাইসটির মস্তিষ্ক হিসেবে কাজ করছে এফাইভএক্স চিপ, যাতে আছে কোয়াড-কোরের গ্রাফিকস সুবিধা। নতুন আইপ্যাড অবশ্য আইপ্যাডের পুরোনো সংস্করণ ‘আইপ্যাড ২’-এর চেয়ে ওজনে ভারী। এর কারণ ডিভাইসটির রেজুলিউশন বাড়াতে গিয়ে ব্যাটারিকেও বড় করতে হয়েছে। আইপ্যাডের ব্যাটারি লাইফ ১০ ঘণ্টা। নতুন আইপ্যাডে যুক্ত হয়েছে রেটিনা ডিসপ্লে যার রেজুলিউশন ২৪৮ বাই ১৫৩৬। ডিভাইসটি ৯.৪ মিলিমিটার পুরু, এর ওজন ১.৫ পাউন্ড। আইপ্যাড যুক্ত হয়েছে পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা ও ওয়াই-ফাই হটস্পট প্রযুক্তি।

আইপ্যাডের ১৬ গিগাবাইট মডেলটির দাম ৪৯৯ ডলার, ৩২ গিগাবাইটের দাম ৫৯৯ ডলার ও ৬৪ গিগাবাইট ৬৯৯ ডলার। তবে ওয়্যারলেস মডেলের দাম শুরু হয়েছে ৬২৯ ডলার থেকে। নতুন সংস্করণটি বাজারে আনায় আইপ্যাড ২-এর দাম কমছে, এটি বিক্রি হবে ৩৯৯ ডলারে। ১৬ মার্চ থেকেই যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির বাজারে আইপ্যাডের সর্বশেষ এ সংস্করণটি পাওয়া যাবে।