শুধুই একটি ক্লাব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালি অতীত শুধু ক্লাবই নয়, রাজশাহীর সাবেক ফুটবলারদের মিলনমেলাও। লিখেছেন দুলাল আবদুল্লাহসত্যি, তাঁরা অনেক কিছুই পেছনে ফেলে এসেছেন। রাজশাহী জেলা স্টেডিয়ামের সবুজ গালিচা, দর্শকসমাগম, সেই ফুটবলের রমরমা দিন। ফেলে এসেছেন পুরোনো স্মৃতি, সোনালি অতীত।সোনালি সেই দিন, রঙিন বিকেল, মধ্য গগনের তেজোদ্দীপ্ত যৌবন—এগুলো কিছুই আর ফিরে পাওয়া যাবে না। তবু মানুষগুলো এক হন। ফেলে আসা দিন আপন করে পাওয়ার চেষ্টা করেন। রাজশাহী জেলা স্টেডিয়াম চত্বরে গোল হয়ে বসে যান আড্ডায়। শামসুরের সেই তীব্র গতির শট, ফিরোজ কবীরের বল নিয়ে পায়ের কারিকুরি...আরও অনেক স্মৃতি উঠে আসে ওই আড্ডায়। উঠে আসে সোনালি অতীত।হ্যাঁ, সোনালি অতীত। রাজশাহী জেলার সাবেক ফুটবলারদের ক্লাব ‘সোনালী অতীত’।যাত্রা শুরু: ১৯৮৫ সালের জুলাইয়ের একদিন রাজশাহী জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড়েরা জেলা স্টেডিয়ামের মাঠে বসে এক সভা করলেন। জন্ম নিল ‘রাজশাহী সোনালী অতীত ক্লাব’। রাজশাহীর ফুটবল এবং সাবেক খেলোয়াড়দের উন্নয়নই ছিল শুরুর লক্ষ্য। ২৪ সদস্যের যে কমিটি নিয়ে যাত্রা শুরু সে কমিটির সভাপতি ছিলেন মোফাজুল হোসেন, সাধারণ সম্পাদক মোসাদ্দেক কুদ্দুস সেলিম।নানা চড়াই-উৎরাই পেরিয়ে জেলা স্টেডিয়ামের পাশে এ বছর জেলা ক্রীড়া সংস্থার দেড় কাঠা জমির ওপর আধা পাকা একটা ভবন গড়ে উঠেছে। বর্তমানে সংগঠনের সদস্যসংখ্যা ৪৮। এঁরা সবাই রাজশাহী জেলা দল ছাড়াও ঢাকার প্রথম বিভাগ লিগসহ বিভিন্ন পর্যায়ে ফুটবল খেলেছেন। রাজশাহী বা ঢাকার সর্বোচ্চ পর্যায়ে না খেলা খেলোয়াড়দের অবশ্য সদস্যপদই দেওয়া হয় না।লক্ষ্য ও উদ্দেশ্য: রাজশাহীসহ দেশের ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখা, টুর্নামেন্ট করে নতুন ফুটবলার আবিষ্কার করা, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দিয়ে ভালো মানের ফুটবলার গড়ে তোলা, দুস্থ ও সাবেক ফুটবলারদের আর্থিক সহযোগিতা করা, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজেও এগিয়ে আসা।একটি উদাহরণ: সত্তর-আশির দশকের মাঠকাঁপানো ফুটবলার ছিলেন রাজশাহীর ফিরোজ কবীর। ওই সময় তাঁকে পেতে দেশের নামীদামি ক্লাবগুলোর আগ্রহ ছিল অনেক। কিন্তু পারফরম্যান্সে ভাটার টান পড়ায় একসময় হারিয়ে যায় সেই আগ্রহ। ফুটবল ছাড়ার পর বিপদেই পড়ে যান ফিরোজ। পকেটে টাকা নেই, উপার্জন করার সামর্থ্যও নেই। চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকার প্রয়োজন হয় তাঁর। ৪০ হাজার টাকা অনুদান তুলে দিয়ে অসহায় ফিরোজের পরিবারের পাশে দাঁড়ায় রাজশাহী সোনালী অতীত ক্লাব।সাবেক ফুটবলারদের সেতুবন্ধন: সাবেক ফুটবলারদের আন্তজেলা প্রীতি ম্যাচের আয়োজন, জেলার ফুটবলের দুর্দশা কাটাতে কী করা দরকার, সে ব্যাপারে মতবিনিময়ও করে এই ক্লাব।নিয়মিত অনুশীলন: রাজশাহী জেলা স্টেডিয়ামে বিকেলে সোনালী অতীত ক্লাবের সদস্যদের অনুশীলনটা নিয়মিতই হয়। বলাই বাহুল্য, ফিটনেস ভালো থাকে সবারই। কর্মব্যস্ততার মধ্যেও সবাই আসেন। এতে যোগাযোগও থাকে। শুধু তা-ই নয়, ভারত ও ইংল্যান্ডের সাবেক ফুটবলারদের সঙ্গে প্রীতি ম্যাচও খেলেছে এই ক্লাব।ভবিষ্যৎ পরিকল্পনা: বড় একটা তহবিল গড়ে তোলা, জেলা স্টেডিয়াম পেলে পৃষ্ঠপোষকের সহায়তায় স্থানীয়ভাবে অনূর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্ট আয়োজন, এই টুর্নামেন্ট থেকে ৩০ জন খেলোয়াড় বাছাই করে প্রশিক্ষণের ব্যবস্থা করা, ফুটবলারদের জ্ঞান বাড়াতে ফুটবলবিষয়ক বই আর পত্রিকা নিয়ে একটি লাইব্রেরি করার পরিকল্পনা আছে।তাঁরা যা বলেন: পূর্ব পাকিস্তানের তুখোড় ফুটবলার ও ক্লাবের সভাপতি শামসু মোল্লার কথা, ‘এই ৬৭ বছর বয়সেও মনে হয় খেলোয়াড়ি জীবনেই আছি। এই ক্লাবটা না থাকলে বৃদ্ধ বয়স আমাকে আঁকড়ে ধরত। ক্লাবটা থাকায় এখানে আসি, সবার খোঁজখবর নিতে পারছি। নিয়মিত প্র্যাকটিস করায় শরীর-মন ভালো থাকে। সময়টা কীভাবে চলে যায়, টেরই পাই না। এক কথায় বৃদ্ধাশ্রমের মতো আমাদের সোনালী অতীত ক্লাবটা।’সাধারণ সম্পাদক আলী আফতাব তপন বললেন, ‘এখন খেলার মধ্যে নেই আমরা। কিন্তু এই ক্লাবের মাধ্যমেই ফেলে আসা দিনগুলোয় ফিরে যেতে পারি। সাবেক খেলোয়াড়দের সহযোগিতার পাশাপাশি ফুটবলের উন্নয়নে কাজ করার সুযোগ পাচ্ছি এই ক্লাবের পতাকাতলে।’