শুধুই নারীদের জন্য
বছরের পর বছর ধরে বয়ে চলা ‘বিব্রতকর’ পরিস্থিতি থেকে মুক্তি পেতে চলেছেন সৌদি আরবের নারীরা। অন্তর্বাসের মতো গোপনীয় সামগ্রী কিনতে এখন আর পুরুষের কাছে যেতে হচ্ছে না তাঁদের। চলতি সপ্তাহ থেকে নিজেদের অতি প্রয়োজনীয় সামগ্রীটা নিজেরাই কিনতে ও বিক্রি করতে পারছেন সৌদি নারীরা।সৌদি বাদশাহ আবদুল্লাহ গত বছর ঘোষণা দিয়েছিলেন, সৌদি আরবের বিলাসবহুল বিপণিবিতানগুলোতে নারীদের জন্য ‘বিশেষ’ দোকানের ব্যবস্থা রাখা হবে। এখানে ক্রেতা-বিক্রেতা সবাই হবেন নারী। বাদশাহর ঘোষণার অংশ হিসেবে রাজধানী রিয়াদের একটি শপিংমলে শুধুই নারীদের জন্য অন্তর্বাসের দোকান খোলা হয়েছে। এত দিন পুরুষ দোকানির কাছ থেকে অন্তর্বাস কিনতে হতো নারীদের। তবে অতি রক্ষণশীল সমাজে বাস করে পুরুষের কাছে এটি চাওয়া বা এর আকার, রং—এসব নিয়ে কথা বলা সৌদি নারীদের জন্য খুবই বিব্রতকর ছিল।নেকাবে মুখ ঢেকে দোকানটিতে সেবা দিচ্ছিলেন এক তরুণী। রয়টার্সকে দেওয়া তাঁর প্রতিক্রিয়া বলেন, ‘নিজেকে খুব সুখী ও স্বাধীন মনে হচ্ছে। এখন আর আর্থিক সহায়তার জন্য কারও দিকে তাকিয়ে থাকতে হবে না। এই চাকরি আমাকে আরও বেশি শক্তিশালী করবে।’এক ক্রেতা বলছিলেন, ‘খুব স্বস্তি লাগছে। দোকানে শুধুই নারী। নিজের মতো করে চলাফেরা করতে পারছি। বিব্রতকর অনুভূতি ছাড়াই যেকোনো কিছু চাইতে পারছি।’রক্ষণশীল সৌদি সমাজ পুরোপুরি পুরুষতান্ত্রিক। এখানে গাড়ি চালানো নারীদের জন্য নিষিদ্ধ। চাকরি পেতে, ভ্রমণ করতে এমনকি কিছু কিছু অস্ত্রোপচার করাতে হলে নারীদের অবশ্যই নিকটাত্মীয় পুরুষের কাছে অনুমতি নিতে হয়।২০০৯ সালের সরকারি হিসাব অনুযায়ী, সৌদিতে মাত্র ৭ শতাংশ নারী বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। অথচ দেশটির প্রায় অর্ধেক নারী চাকরি করতে আগ্রহী।