শুধুই পাওয়ার টেস্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ টেস্ট থেকে কী পাওয়ার আছে বাংলাদেশের?অধিনায়ক মুশফিকুর রহিম মনে করছেন, এই টেস্টে পাওয়ার আছে সবই। হারানোর কিছু নেই। কথাটা ভুল নয়। যার কিছুই নেই, সে আর হারাবে কী? বরং খড়কুটো কুড়িয়ে পেলে সেটাও অর্জন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে শুধু কিছু পাওয়ার জন্য নামবে বাংলাদেশ দল।টি-টোয়েন্টিতে হার। ওয়ানডে সিরিজেও মাথা তুলে দাঁড়ানো যায়নি। আর চট্টগ্রামে গিয়ে সত্যটা জানা গেল, টেস্ট ক্রিকেটে পাকিস্তানের কাছে এখনো নবীন রয়ে গেছে বাংলাদেশ। এসবের পর আজ যখন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটা শুরু হচ্ছে, আশার পালে জোর হাওয়া লাগার কোনো কারণ নেই। একটি-দুটি ভালো ইনিংস, ভালো জুটি, কিছু ভালো বোলিং, দু-একটা সেশন আধিপত্য ধরে রেখে যদি সম্মানজনক পরিণতির দিকে নিয়ে যাওয়া যায় টেস্টটাকে, বর্ষ শেষে এর চেয়ে বড় উপহার আর কী হবে বাংলাদেশের কাছে?কাল সংবাদ সম্মেলনে এসে মুশফিকুর রহিম বারবার বললেন কথাটা। ‘শেষ ভালো মানেই সব ভালো’ হয়তো খাটে না এই সিরিজে, তবু ভালো কিছুর আশা নিয়েই আজ সিরিজের শেষ টেস্ট খেলতে নামবে তাঁর দল। তার আগে সতীর্থদের প্রতি অধিনায়কের একটাই আহ্বান, ফলাফলের কথা না ভেবে খেলতে হবে ভালো কিছুর আশায়, ‘ফলাফল বড় কিছু না। ভালো খেলে যদি হেরেও যাই, সমস্যা নেই।’কথাগুলো বলার সময় একটু বিমর্ষ লাগল মুশফিককে। আসলে দল ভালো না খেললে সবকিছুতেই তার ছাপ পড়ে। এই যেমন দলের ভেতর একটার পর একটা ওলট-পালটেও রা করছেন না অধিনায়ক। উল্টো সব নিচ্ছেন নিজেদের ঘাড়ে, ‘আমরা যদি ভালো খেলতাম, পরাজয়ের ব্যবধানগুলো খুব বেশি না হতো...তাহলে হয়তো এত পরিবর্তন হতো না। কেউই বেশি পরিবর্তন চায় না। কিন্তু আমরা তো ভালো একটা কম্বিনেশনই দাঁড় করতে পারছি না।’দলে পরিবর্তন হচ্ছে এই টেস্টেও। কাল রাত পর্যন্ত যা খবর, নাঈম ইসলামের এই ম্যাচে খেলা হবে, যদি পেস বোলার খেলানো হয় দুজন। তিন পেসার খেলানোর আলোচনাটা টিকে থাকায় নাঈমের খেলা নিশ্চিত হয়নি তখনো। তবে এটুকু নিশ্চিত, শফিউল ও সোহরাওয়ার্দী একাদশে থাকছেন না। ১৪ জনের দল থেকে আর বাদ যাবেন নাঈম অথবা পেসার রবিউল ইসলাম।এই সিরিজে বাংলাদেশ এখনো পর্যন্ত নিঃস্ব। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের পর বাংলাদেশে এসেও পাকিস্তান দলের চেহারাটা এমন, যেন তারা ফিরে পেয়েছে হারানো শৌর্য। আর প্রতিদ্বন্দ্বিতা দূরে থাক, পাকিস্তানের কাছে কত কম ব্যবধানে হারা যায়, সেটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের জন্য।মুশফিকুর রহিমের পিঠে হাত রেখে সিরিজ শুরু করা পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক শেষ টেস্টের আগেও দাঁড়ালেন বাংলাদেশের ক্রিকেটারদের পাশে। ‘সব দলেরই খারাপ সময় আসে, বাংলাদেশ হয়তো সে সময়টাই পার করছে এখন। তাদের ব্যাটিং ভালো হচ্ছে না। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যেকোনো দলের বিপক্ষেই আপনাকে এক শ ভাগ দিয়ে খেলতে হবে’—মিসবাহর কথাটা উজ্জীবিত করতে পারে বাংলাদেশ দলকে।চট্টগ্রাম থেকে মিরপুরে খেলা ফিরে আসা মানেই ফিরে আসা উইকেটের আলোচনাও। না, মুশফিক-মিসবাহ দুই অধিনায়কেরই বিশ্বাস, টি-টোয়েন্টি বা ওয়ানডের মতো এবার আর ‘চমকে’ দেবে না মিরপুরের উইকেট। দুজনেরই মনে হচ্ছে উইকেট হবে ব্যাটিং-স্বর্গ। মিসবাহ এ ধারণায় এতটাই আস্থাশীল যে, এই ম্যাচের টসটাকেও তাই ধর্তব্যের মধ্যে আনতে চাচ্ছেন না, ‘উইকেট এতটাই ভালো দেখাচ্ছে যে আগে ব্যাট করলেন না পরে, সেটা আর গুরুত্বপূর্ণ নয়।’উইকেট নিয়ে মুশফিকেরও চিন্তা নেই। চিন্তার কারণ কেবলই ব্যাটিং। শেষ টেস্টে ভালো কিছুর আশা পূরণ অনেকটাই নির্ভর করছে ব্যাটিং সাফল্যের ওপর। মিরপুরের ব্যাটিং উইকেট আশা জাগাচ্ছে। সঙ্গে আশঙ্কাও।ওটা যে পাকিস্তানের জন্যও ব্যাটিং উইকেট!