শুধুই ভালোবাসার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিবসটি নিতান্তই প্রতীকী। ভালোবাসার জন্য আবার আলাদা করে দিনক্ষণ কী? ভালোবাসা তো তো জনম জনমের। কিন্তু প্রেমিক-প্রেমিকার দরকার একটি উপলক্ষ—একে অপরের আরও কাছে আসার, আরও বেশি করে ভালোবাসার। গতকাল মঙ্গলবার সারা শহরে তরুণ-তরুণীরা ব্যস্ত ছিলেন এ দিনটি নিয়ে। প্রাণে প্রাণে তাঁরা ছড়িয়েছেন ভালোবাসার উষ্ণতা।ভালোবাসা দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল সংগীত সংগঠন রবিরাগ আয়োজন করেছিল বিশেষ সংগীত অনুষ্ঠানের। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে একক ও সমবেত কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশন করা হয়।‘ভালোবাসি ভালোবাসি’- শিল্পী সাদি মহম্মদ ও নন্দিতা ইয়াসমিনের কণ্ঠে গীত হওয়া গানের মাধ্যমে পূর্ণতা পায় ভালোবাসার দিনটি। এ ছাড়া ‘ওরে আমার হূদয় আমার’, ‘মোর বীণা ওঠে কোন সুরে’ সমবেত কণ্ঠে এই গান গীত হয় মঞ্চে।‘সে দিন দু’জনে দুলেছিল’ দ্বৈত কণ্ঠে এ গান পরিবেশন করে শিল্পী স্বপন দত্ত ও ডেইজি আহমেদ। ‘বসন্তে কী শুধু’ গানটি পরিবেশন করে শিল্পী মাখন হাওলাদার ও সন্ধ্যা ভট্টাচার্য।এ ছাড়া ‘তুমি রবে নীরবে’ পরিবেশন করেন সুশান্ত সরকার, ‘আমার প্রাণের পরে চলে গেলে’ গানটি গেয়ে শোনান নন্দিতা ইয়াসমিন।অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করেন এণাক্ষী সাহা রায়, আমিনা আহমেদ, ইন্দ্রানী কর্মকার, রণজিত রায়, আশিকুর রহমান ও নিরুপম শর্মা।সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারসংলগ্ন হাকিম চত্বরে সকালে ‘পঞ্চকবি ও লোকজ ভালোবাসার গানের নৈবেদ্য’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করেন বহ্নিশিখা, স্বভূমি লেখক শিল্পী কেন্দ্র, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ও ধ্রুব শিশুকিশোর সংগঠন। দলীয় নৃত্যে অংশগ্রহণ করে নৃত্যশ্রী, স্পন্দন ও ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র। একক সংগীতে অংশগ্রহণ করেন সালাউদ্দিন আহমেদ, মহাদেব ঘোষ, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা রায়, সুমা রানী রায়, বিজন চন্দ্র মিস্ত্রি প্রমুখ। একক আবৃত্তি পরিবেশন করেন লায়লা আফরোজ ও রফিকুল ইসলাম।মিরসরাইয়ে বইমেলা মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানিয়েছেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলা চত্বরে মহান একুশ উদ্যাপন পরিষদের উদ্যোগে আজ থেকে সাত দিনব্যাপী একুশে বইমেলা শুরু হচ্ছে। মেলা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।একুশ উদ্যাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় মোট ৩৫টি বইয়ের স্টল থাকবে। মেলার উদ্বোধন করবেন ভাষাসৈনিক আবুল কালাম আজাদ। একুশ উদ্যাপন পরিষদের মহাসচিব ও প্রথম আলো বন্ধুসভা মিরসরাই ইউনিটের সভাপতি বোরহান উদ্দীন জানান, একুশ উদ্যাপন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশের আট গুণী ব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধিত অতিথিরা হচ্ছেন: মধুমিতা বৈদ্য, অধ্যাপক মহসিন, অধ্যাপক জামশেদ আলম, অধ্যাপক রবিউল হোসেন, অধ্যাপক আহমদ কবির, সুরেন্দ্র কুমার, আহসান উল্যা চৌধুরী ও রাখাল চন্দ্র বণিক। মেলায় বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, দেশের গান, লোকসংগীত ও একক অভিনয় করবে। প্রথম আলো বন্ধুসভা মিরসরাই ইউনিটের উদ্যোগে ১৯ ফেব্রুয়ারি মেলায় মঞ্চস্থ হবে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক আরো একটি যুদ্ধ।খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ঘোষণানেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনায় দুই দিনব্যাপী নেত্রকোনা সাহিত্য সমাজ আয়োজিত বসন্তকালীন সাহিত্য উৎসব মোক্তারপাড়া সাধারণ গ্রন্থাগারের বকুলতলা চত্বরে অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার ছিল উৎসবের শেষ দিন। এ উৎসবে কথাসাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কথাসাহিত্যিক রাহাত খানকে এ বছর ১৬তম ‘খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার’ দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রাবন্ধিক যতীন সরকার, কবি মামুন খান, সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি সরোজ মোস্তফা। দুই দিনব্যাপী এ উৎসবের প্রথম দিনে শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কবিতাপাঠের আসর, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।