শুন হে মানুষ ভাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের খররোদ মাথায় নিয়ে ভরদুপুরে সে এসেছিল জাতীয় প্রেসক্লাবে; কোনো দাবি বা অভিযোগ নিয়ে নয়, খাবার খুঁজতে। কিন্তু সাংবাদিকের চোখে পড়লে সংবাদ হয়ে উঠতে বাধা কোথায়! ঝটপট বন্দী হয়ে গেল প্রথম আলোর আলোকচিত্রী সাইফুল ইসলামের ক্যামেরায়। সে এক ‘ছোট লালপিঠ কাঠঠোকরা’। জাতীয় প্রেসক্লাবের প্রবেশপথের সামনেই বিশাল শিরীষগাছ। ডালপালা ছড়িয়ে দিয়ে চারপাশটায় ছায়া বিছিয়ে দিয়েছে। যাদের জন্য এই ছায়া বিলানো, সেই মানুষের প্রতি তার একটি সবিনয় নিবেদন আছে, ‘আমাকে বাঁচতে দিন/ আমি মানুষকে বাঁচাই।’ গাছপালার ওপর অধুনা আমরা যেভাবে খড়্গহস্ত, তাতে কথা বলার সামর্থ্য থাকলে সভা-সমাবেশ করেই হয়তো কথাগুলো বলত গাছেরা। তাদের হয়ে এই আবেদনটি লিখে একটি ছোট্ট টিনের টুকরো কাণ্ডে গেঁথে দিয়েছে ‘পরিবেশ ও কারিগরি উন্নয়ন ফাউন্ডেশন’ নামের একটি বেসরকারি সংস্থা। কাঠঠোকরাটি উড়ে এসে বসেছিল ঠিক তারই পাশে। এটি যেন তারও মনের কথা। পাখিরাও তো বিপন্ন হয়ে পড়েছে দেশে। গাছ না থাকলে তারা থাকবে কই, খাবে কী? লালপিঠ কাঠঠোকরা আমাদের দেশের একটি ভারি সুন্দর পাখি! ছবিতেই দেখুন, কেমন চোখজুড়ানো রূপ! লম্বা সুচালো একটু বাঁকা ঠোঁটের ওপর কালো আর সাদার ফুটকি। মাথার শেষ অংশ টুকটুকে লাল। ঠোঁটের নিচের অংশ আর বুক সাদা-কালো। চোখের পাশ দিয়ে যেন কালো কাজলরেখা। পিঠের ওপর হলুদ। পাখনার তলায় আবার কালো। লেজ কালচে ছাই রঙের। এর বৈজ্ঞানিক নাম Black-ৎumped Flameback। পাখি-বিশেষজ্ঞ শরিফ খান জানালেন, আমাদের দেশে কাঠঠোকরা আছে প্রায় ১৬ প্রজাতির, এর মধ্যে ১২ রকম কাঠঠোকরা সারা দেশেই দেখা যায়। বাকিগুলোর বিচরণ পার্বত্য অঞ্চলে। ছোট লালপিঠ কাঠঠোকরা ঠোঁট থেকে লেজ পর্যন্ত ২৫ থেকে ২৮ সেন্টিমিটার। এরা জোড় বেঁধে থাকে। পায়ের নখর খুব শক্ত ও তীক্ষ। গাছের কাণ্ড পা দিয়ে আঁকড়ে ধরে লাফিয়ে লাফিয়ে গাছ বেয়ে চলে। লেজের পালক বেশ শক্ত। অনেক সময় লেজে ঠেস দিয়ে অবসরও নেয়। এরা গাছের কাণ্ড বা বাকলে ঠোকর দিয়ে পোকামাকড়কে আতঙ্কিত করে তোলে। সেগুলো ছোটাছুটি করে বেরিয়ে এলে কপাকপ উদরপূর্তি। চমকপ্রদ বিষয় হলো, এরা সেকেন্ডে ১৬ বার পর্যন্ত ঠোকর দিতে পারে। ফলে তাদের ঠোকরের শব্দ দ্রুতলয়ের বাজনার মতো শোনায়। আবার ছোট এই পাখির ডাকও বেশ চমৎকার। থেমে থেমে তীক্ষ কণ্ঠে ডাকে। নিজেরা গাছের কাণ্ডে গর্ত করে বা প্রাকৃতিক খোঁড়লেও এরা বাসা করে। ডিম দেয় দু-তিনটি—বছরে তিনবার। শরিফ খান জানালেন, ঢাকায় তিনি এই ছোট লাল পিঠসহ ছয় রকমের কাঠঠোকরা দেখেছেন। শিরীষগাছে লেখা আবেদনের বিষয়ে পরিবেশ ও কারিগরি উন্নয়ন ফাউন্ডেশনের সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেন জানালেন, মাস দুয়েক আগে তাঁরা ওই আবেদনটি রেখেছেন বৃক্ষনিধন বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে। ঢাকায় রমনা, ওসমানী ও সোহরাওয়ার্দী উদ্যান এবং সচিবালয়ের সামনে বিভিন্ন গাছে তাঁরা এমন আবেদন ঝুলিয়েছেন। তাঁরা মূলত জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশ-বিপর্যয় নিয়ে কাজ করছেন। পাখির ডাকে ঘুমিয়ে পড়া, পাখির ডাকে জাগা—এমনই ছিল আমাদের এ সবুজ দেশের পরিবেশ। আজ তা আমাদেরই অপরিণামদর্শিতায় বিপন্ন। তাই এখন ‘গাছ-পাখির আবেদনে’ সাড়া দিতে হবে নিজেদের অস্তিত্ব রক্ষার অনিবার্য প্রয়োজনেই।