রিটের শুনানি না হওয়া পর্যন্ত ৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার (প্রাথমিক বাছাই) ফলাফল প্রকাশ না করার জন্য সরকারি কর্মকমিশনকে (পিএসসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার অন্তর্বর্তীকালীন এ নির্দেশ দেন।জানা যায়, ক্যাডার সার্ভিসে নিয়োগের জন্য গত ৩০ জুলাই ১১০টি কেন্দ্রে ৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা হয়। ওই পরীক্ষার প্রশ্নপত্রের ২ নম্বর সেটে ইংরেজি অংশে অনেক ভুল ছিল। ওই সেটে পরীক্ষা দেন প্রায় ৫০ হাজার পরীক্ষার্থী। প্রশ্নপত্রের এ অসঙ্গতি তুলে ধরে পরীক্ষাটি বাতিলের জন্য শফিউল ইসলাম মণ্ডলসহ ১৯ জন পরীক্ষার্থী গতকাল রিট করেন। এতে সংস্থাপন সচিব, পিএসসির চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক (পিএসসি) ও বিজি প্রেসের নিয়ন্ত্রককে বিবাদী করা হয়।সূত্র জানায়, সকালে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ আদালতে রিটের শুনানির আরজি জানান। সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার সময়ের আবেদন জানান। এ পর্যায়ে আদালত আজ সোমবার সকালে রিটের শুনানির ক্ষণ ধার্য করেন এবং শুনানি না হওয়া পর্যন্ত ওই পরীক্ষার ফলাফল প্রকাশ না করার নির্দেশ দেন। প্রসঙ্গত, প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়টি জানিয়ে ৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা তিন দিনের মধ্যে বাতিলের জন্য ৫ আগস্ট পিএসসির চেয়ারম্যানসহ পাঁচজনকে আইনি নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, তিন দিনের মধ্যে পরীক্ষা বাতিল না হলে আইনের আশ্রয় নেওয়া হবে। গতকাল রিট করা হয়।