শুনানি পেছানো নিয়ে আইনজীবীদের মধ্যে হইচই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়া প্রশ্নে রিটের শুনানি পেছানো নিয়ে আইনজীবীদের মধ্যে ব্যাপক হইচই হয়েছে। গতকাল রোববার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এ ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে আদালত পুলিশ ডেকে গ্রেপ্তার করার নির্দেশনা দেওয়ার কথাও বলেন।এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন আদালতের উদ্দেশে বলেন, ‘আমরা প্রস্তুত আছি। শুধু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নয়, সারা দেশের হাজার হাজার আইনজীবী প্রস্তুত আছে। পারলে গ্রেপ্তার করান।’৩০ মিনিটের শুনানিতে বাগিবতণ্ডা ছাড়াও আদালতের বক্তব্যকে কেন্দ্র করে বিচারকক্ষে হইচই ও উত্তেজনার সৃষ্টি হয়। বিএনপির সমর্থক আইনজীবীরা এ সময় নানা স্লোগান দিয়ে আদালত থেকে বেরিয়ে সংক্ষিপ্ত মিছিল করেন।দুই পক্ষের বক্তব্য: আদালত থেকে বেরিয়ে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম সাংবাদিকদের বলেন, সময়ক্ষেপণ করার জন্যই এ মামলায় খালেদা জিয়ার পক্ষে বারবার সময় চাওয়া হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। সময়ের আবেদন নাকচ করে দিয়ে আদালত শুনানির কথা বলায় কিছু আইনজীবী ক্ষুব্ধ হয়েছেন। আদালতের কাজ ব্যাহত করার জন্য অনভিপ্রেত ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনা দুঃখজনক। বিশৃঙ্খলারোধে আদালত যেকোনো পদক্ষেপ নিতে পারেন। খালেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদ বলেন, মঙ্গলবার পর্যন্ত আদালত শুনানি মুলতবি করেছেন। প্রথমে এক দিনের জন্য পরে শেষ পর্যন্ত দুই দিনের জন্য শুনানি মুলতবি করা হয়। এর মধ্যে সময়ের আবেদন নিয়ে আমাদের বক্তব্য লিখিতভাবে আদালতে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লিখিত বক্তব্য জমা দেওয়া হবে বলে জানান তিনি।গতকালের শুনানি: দুপুরে শুনানির শুরুতে প্রথমে খালেদা জিয়ার কৌঁসুলি টি এইচ খান আদালতে সময়ের আবেদন জানান। এরপর তাঁর অপর আইনজীবী মওদুদ আহমদ দুই মাসের সময়ের আরজি জানিয়ে বলেন, মামলা নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা বলা দরকার। এ ক্ষেত্রে তাঁর নির্দেশনা ও পরামর্শ প্রয়োজন। তিনি আরও বলেন, হাইকোর্টে হাজার হাজার রিট নিষ্পত্তির অপেক্ষায় আছে। ওইগুলোর শুনানি না করে এ রিটটি (খালেদার রিট) শুনানির জন্য কেন এত তাড়াহুড়া? এ বক্তব্যে আপত্তি জানিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এ মামলায় এর আগে পাঁচবার সময় নেওয়া হয়েছে। একটি বেঞ্চের প্রতি অনাস্থা প্রকাশ করায় ওই আদালত বিষয়টি ১৮ মার্চ প্রধান বিচারপতির কাছে পাঠান। পরে এ আদালত আসে। আদালত আজ (রোববার) শুনানির দিন ধার্য করেছেন। এ পর্যায়ে শুনানি ব্যাহত করার জন্য আবারও সময়ের প্রার্থনা করা হচ্ছে।এ সময় আদালতে তিন সারিতে কয়েক শ আইনজীবী উপস্থিত ছিলেন। এত আইনজীবীর উপস্থিতির বিষয়টি মওদুদ আহমদের নজরে এনে আদালত বলেন, আপনি এত আইনজীবী নিয়ে এসেছেন কেন? এত আইনজীবী দাঁড়িয়ে আছেন কেন? জবাবে মওদুদ আহমদ বলেন, ‘অ্যাটর্নি জেনারেলও অনেক আইনজীবী নিয়ে এসেছেন। এটা পাবলিক ট্রায়াল। খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি দেশের বৃহত্ একটি রাজনৈতিক দলের প্রধান। তাঁর মামলায় জনসাধারণের আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক।’পরে আদালতকক্ষে দাঁড়িয়ে থাকা নাজমুল হুদাকে উদ্দেশ্য করে আদালত বলেন, মি. হুদা। আপনি তো ইংলিশ বারের মেম্বার। সেখানে কী এভাবে এত আইনজীবীর দাঁড়িয়ে থাকা যায়? জবাবে হুদা বলেন, ‘এটা ইংলিশ বার নয়। আমাদের এখানে আদালতকক্ষে জায়গা কম। এ অবস্থায় অনেককেই দাঁড়িয়ে থাকতে হয়।’এ সময় খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমরা ব্যারিস্টার নই, আমরা অ্যাডভোকেট।’ তাঁকে উদ্দেশ্য করে আদালত বলেন, ‘আমি আপনাকে বলিনি। আমি মি. হুদাকে বলেছি। তিনি এখানকার একমাত্র সদস্য, যিনি ইংলিশ বারেরও সদস্য।’ এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ১৬৫ কাঠার বাড়িটি সেনাবাহিনীর সম্পত্তি। এ সম্পত্তি উদ্ধার করা রাষ্ট্রের দায়িত্ব। পিলখানার ঘটনায় নিহত বিডিআর সদস্যদের পরিবারকে ওই জায়গায় পুনর্বাসন করার কথা প্রধানমন্ত্রী সংসদে বলেছেন। তাই শুনানি শুরু হওয়া প্রয়োজন। এটি রিট মামলা। এখানে খালেদা জিয়ার সাক্ষ্য ও জবানবন্দী দিতে আসার কোনো বিষয় জড়িত নেই। তাই সময় দেওয়া যৌক্তিক হবে না। সময়ের আবেদন নাকচ করে দিয়ে আদালত মওদুদ আহমদকে শুনানি শুরু করতে বলেন। জবাবে তিনি বলেন, ‘আমরা সময় চেয়েছি। একতরফা শুনানি করে রায় দিলে, সেটা কি ঠিক হবে?’ আদালত আবারও শুনানি শুরু করার কথা বললে, বিএনপির সমর্থক আইনজীবীরা এর প্রতিবাদ জানান। তাঁরা হইচই করতে থাকেন। এ পর্যায়ে আদালত পুলিশ ডেকে গ্রেপ্তার করানোর কথা বলেন। এতে আইনজীবীরা আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রায় তিন-চার মিনিট চলে হট্টগোল। আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, আপনারা এমন করছেন কেন? এটা তো আদালত।এ পরিস্থিতিতে মওদুদ আহমদ দুঃখ প্রকাশ করেন। তবে খন্দকার মাহবুব হোসেন বলেন, কোনো দুঃখ প্রকাশ নয়। আগে কোর্টের বক্তব্য প্রত্যাহার করতে হবে। এ পর্যায়ে আদালত এক দিন শুনানি মুলতবি করতে বললে মওদুদ অন্তত দুই দিন সময় চান। এরপর আদালত রিটের শুনানি মুলতবি করেন।সভাপতির বক্তব্য: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, বিচারপতি যে আচরণ করেছেন, তা দুঃখজনক। তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যাবে।