শুনানির জন্য ডায়াস নেই আদালতকক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অ্যাডভোকেট’ শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে আইনজীবী। তবে এই শব্দটির আরও একটি বাংলা প্রতিশব্দ আছে, যা খুব বেশি প্রচলিত না হলেও এই পেশারই একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যকে নির্দেশ করে—তা হলো ‘অধিবক্তা’। আদালতে একজন বিজ্ঞ আইনজীবীকে একদিকে একজন কৌঁসুলি, অন্যদিকে একজন বক্তার ভূমিকা পালন করতে হয়। তবে তিনি কোনো অপ্রাসঙ্গিক, তথাকথিত রাজনৈতিক বক্তব্য দেন না—তিনি নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য এবং দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত নাগরিকদের মৌলিক অধিকার, আইনি অধিকার প্রতিষ্ঠার পক্ষে আদালতে তাঁর সুচিন্তিত বক্তব্য উপস্থাপন করেন। মামলার স্বাভাবিক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য একজন আইনজীবীকে মামলার নথি বহন করতে হয় এবং তা সামনে রেখে মামলার শুনানিতে অংশ নিতে হয়। অন্যদিকে মামলার সহায়ক বই যেমন—ডিএলআর এবং সংশ্লিষ্ট আইনের গেজেটসহ অনেক বই নিয়েও আইনজীবী মামলার শুনানিতে অংশ নেন। এই গুরুত্বপূর্ণ কাজগুলো সঠিকভাবে আদালতে উপস্থাপন ও সম্পন্ন করার জন্য একজন অধিবক্তার সামনে একটি ডায়াসের উপস্থিতির গুরুত্ব আশা করি একজন অন্ধের কাছেও বোধগম্য হবে। তাই আদালত কক্ষে একটি ডায়াস থাকবে—এটা যেন খুবই স্বাভাবিক একটি চিত্র। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে ঢাকা মুখ্য মহানগর আদালত সম্প্রতি সৌন্দর্য বর্ধনে এত মনোযোগ দেওয়া সত্ত্বেও আদালত কক্ষগুলোতে শুধু একটি করে ডায়াসের অনুপস্থিতির কারণে এর সৌন্দর্য আজ ম্লান মনে হয়। আদালত কক্ষে একটি ডায়াস থাকবে না, এটি যেন কল্পনাও করা যায় না। অথচ আমাদের তেমনি একটি অকল্পনীয় সত্যের মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত এবং পোহাতে হচ্ছে বহুমাত্রিক অগোছালো বিড়ম্বনা। এটা শুধু আমাদের পেশার সৌন্দর্যকেই মলিন করছে না, পাশাপাশি আদালতকক্ষের অপরিপূর্ণতাকেও দৃশ্যমান করছে। একজন আইনজীবী যখন কাঠের বেঞ্চে দাঁড়িয়ে তাঁর মামলা নিয়ে কথা বলেন, তখন এটাকে শিক্ষাপ্রতিষ্ঠান মনে হয়। আমি জানি না, এটা না দেওয়ার পেছনে কী যৌক্তিকতা আছে বা আদৌ কোনো যৌক্তিক চিন্তা কাজ করেছে কি না। একজন আইনজীবী হিসেবে আমার কাছে মনে হয়, যত তাড়াতাড়ি এই অপরিহার্য ও স্বল্পব্যয়ী অনুষঙ্গটি ঢাকা মুখ্য মহানগর আদালত কক্ষগুলোতে ফিরিয়ে আনা হবে, তত তাড়াতাড়িই এর সৌন্দর্য, আভিজাত্য পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে। এ বিষয়ে নিশ্চয়ই নির্বাচিত আইনজীবী নেতাদেরও কিছু করণীয় রয়েছে। লেখক: আইনজীবী, ঢাকা আইনজীবী সমিতি।