শুভ জন্মাষ্টমী আজ
আজ বুধবার শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি। সনাতন ধর্মাবলম্বী ভক্তরা বিশ্বাস করেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব-তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করে থাকেন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই শ্রীকৃষ্ণের ভাবাদর্শ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, শ্রীকৃষ্ণ মানবপ্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রাখতে আজীবন কাজ করেছেন। মানুষে মানুষে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার জন্য তিনি ভক্তদের প্রতি আহ্বান জানান। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশসহ গোটা পৃথিবীকে শান্তিময় করে তুলতে সবাইকে অবদান রাখতে হবে।জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ জন্মাষ্টমী উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। রাজধানীসহ সারা দেশের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারকব্রহ্ম নামযজ্ঞেরও আয়োজন করা হয়েছে। মন্দির ছাড়াও ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা করবেন। বিভিন্ন মন্দিরের আয়োজকেরা জানিয়েছেন, আজ সকালে ষোড়শ উপচারে পূজা শেষ করে প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ঘোষণা করেছে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। এবার রমজানের সময় জন্মাষ্টমী উদ্যাপিত হওয়ায় ঐতিহ্যবাহী শোভাযাত্রা বিকেল পাঁচটার আগেই শেষ করা হবে। বিকেল চারটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে ঐতিহ্যবাহী জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। রাতে ঢাকেশ্বরী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হবে।ঢাকেশ্বরী মন্দির থেকে আজ বিকেলের শোভাযাত্রা নির্বিঘ্ন করতে লালবাগ থানার পুলিশ কড়া নিরাপত্তা-ব্যবস্থা নিয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে রামকৃষ্ণ মিশন ও মঠেও রয়েছে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দুসমাজ সংস্কার সমিতি, জাতীয় মহাশ্মশান কমিটি, শ্রীশ্রীবরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান কমিটি, গণফোরাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে।