শুভ জন্মাষ্টমী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। সনাতন ধর্মাবলম্বী ভক্তরা বিশ্বাস করেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সাধু লোকদের রক্ষার জন্যই মহাবতার শ্রীকৃষ্ণ এই তিথিতে পৃথিবীতে আবির্ভূত হন। তাঁর জন্মের এই মহিমা স্মরণই জন্মাষ্টমী উদ্যাপনের মূল উদ্দেশ্য। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর বাণীতে বলেন, মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের ভাবধারা ও আদর্শ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষায় উদ্বুদ্ধ হতে ভক্তদের প্রতি আহ্বান জানান তিনি। জন্মাষ্টমী উপলক্ষে আজ সোমবার সরকারি ছুটি। রাজধানীসহ সারা দেশের মন্দিরে ভক্তরা পূজা-অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও নামযজ্ঞের আয়োজন করেছেন। বিভিন্ন মন্দিরের আয়োজকেরা জানিয়েছেন, আজ সকালে ষোড়শ উপচারে শ্রীকৃষ্ণের পূজা করে প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন।ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ বেলা আড়াইটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা শোভাযাত্রা উদ্বোধন করবেন। এই শোভাযাত্রা নির্বিঘ্ন করতে লালবাগ থানার পুলিশ কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। আজ রাত নয়টায় ঢাকেশ্বরী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার বিকেল চারটায় বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীতে রামকৃষ্ণ মিশনেও রয়েছে জন্মাষ্টমীর বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া সবুজবাগের শ্রীশ্রীবরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মণিপুরিপাড়ায় শ্রীশ্রীহরেকৃঞ্চ নামহট্ট সংঘ দিনব্যাপী অনুষ্ঠান ছাড়াও সকাল নয়টায় খামারবাড়ী থেকে শোভাযাত্রা বের করার উদ্যোগ নিয়েছে। কে এম দাস লেনের স্বামী ভোলানন্দগিরি আশ্রমে আজ বিকেল থেকে রাত পর্যন্ত বেদ, গীতা ও ভাগবত পাঠ, শিশু-কিশোরদের সংগীতানুষ্ঠান এবং রাতে ‘শ্রীকৃষ্ণ’ নাটক মঞ্চায়নের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কীর্তনের দল উদয়াস্ত নামকীর্তন করবে।জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি, শ্রীশ্রীরামকৃষ্ণ গোস্বামী সেবা সংঘ, জাতীয় মহাশ্মশান কমিটি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে।