শুভ বুদ্ধপূর্ণিমা আজ
আজ বৃহস্পতিবার শুভ বুদ্ধপূর্ণিমা। এই দিনে মহান বুদ্ধ জন্মগ্রহণ করেন ও মহানির্বাণপ্রাপ্ত হন। দুই হাজার ৪৭২ বছর আগে নেপালের তরাই অঞ্চলের লুম্বিনীকাননে এক ছায়া সুশীতল শালবৃক্ষের নিচে বুদ্ধ বুদ্ধাঙ্কুর রূপে পৃথিবীতে আবির্ভূত হন। ২৯ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে গভীর ধ্যানে মনোনিবেশ করেন গয়ায় বোধিবৃক্ষতলে। লাভ করেন দিব্যজ্ঞান। আবির্ভূত হন মহান বুদ্ধরূপে। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে বৌদ্ধ সম্প্রদায়সহ সব নাগরিকের সর্বাঙ্গীণ সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেছেন। এ ছাড়া, বিভিন্ন সংগঠন বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন মহাবিহার ও সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। অতীশ দীপঙ্কর সড়কে বাংলাদেশ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, শান্তি শোভাযাত্রা, আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে। বিকেল পাঁচটায় আলোচনা সভায় সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথেরর সভাপতিত্বে ‘বৌদ্ধধর্ম ও বিশ্ব শান্তি’ শীর্ষক সভায় প্রধান অতিথি থাকবেন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহ্জাহান মিয়া, সাংসদ মাঈদুল ইসলাম, সাবের হোসেন চৌধুরী এবং ভারত ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূত। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন। সকাল সাড়ে নয়টায় অপর আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।এ ছাড়া, বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আলাদাভাবে নানা কর্মসূচি পালন করবে।