শুভ বড়দিন আজ
আজ ২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। খ্রিষ্টধর্মের অনুসারীরা বিশ্বাস করেন, এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক প্রভু যিশু জন্ম নেন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও খ্রিষ্টান সম্প্রদায় আজ যিশুখ্রিষ্টের মহাজন্মোৎসব পালনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে গির্জায় গির্জায় আলোকসজ্জা করা হয়েছে। বিভিন্ন গির্জায় অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা।বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা দেশের খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানান।গতকাল শুক্রবার কাকরাইলে আর্চবিশপ হাউসে সাংবাদিকদের সম্মানে প্রাক-বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বড়দিন উপলক্ষে গির্জাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ি ‘ক্রিসমাস ট্রি’, রঙিন বল, জরিতে সাজানো হয়েছে এবং আলোকসজ্জিত করা হয়েছে। সারা দেশে বড়দিন উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের সব গির্জা ও খ্রিষ্টান-অধ্যুষিত আবাসিক এলাকায় পাঁচ হাজার ৩০০ র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় দুই হাজার ১০০ এবং ঢাকার বাইরে তিন হাজার ২০০ সদস্য রয়েছেন। বড়দিন উপলক্ষে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা খ্রিষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানান।আর্চবিশপের মিলনসভা: বড়দিন উপলক্ষে ঢাকার আর্চবিশপ পৌলিনুস কস্তা ডিডি বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল সকালে তিনি সংবাদকর্মীদের নিয়ে কেক কেটে এবারের বড়দিন উৎসবের শুভ সূচনা করেন।মিলনসভায় আর্চবিশপ বলেন, বাংলাদেশে বড়দিন আজ শুধু খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই এ আনন্দে অংশ নেন। বিজয়ের মাস ডিসেম্বরে এ দিবসটি পড়ায় বাংলাদেশে আরও বেশি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন উদ্যাপন করা হয়।কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথিড্রালে অনুষ্ঠিত অন্যদের মধ্যে ঢাকা মহাধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগ কমিশনের আহ্বায়ক ফাদার কমল কোড়াইয়া, ফাদার জয়ন্ত এস গমেজসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য দেন।মিলনসভায় আর্চবিশপ পৌলিনুস কস্তা বলেন, যিশু পৃথিবীতে এসেছিলেন মানুষকে ভালোবেসে মুক্ত ও স্বাধীন করতে, পাপের দাসত্ব থেকে মুক্ত করতে, মানুষের মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে।