শুভদিনে স্বজনহারা রুনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসেনি দালানে মাতম। বুক চাপড়ে সেলিনা বেগম কাঁদছেন আড়াই বছরের ছেলে কুনেল আর স্বামীর জন্য। কাঁদছেন জামিল, মা শেহজাদী বেগম আর ভাইকে হারিয়ে। নাতিকে কোলে নিয়ে অনবরত চোখ মুছছেন মির্জা মোহাম্মদ সিরাজী, ছেলে মির্জা মোহাম্মদ হাসান আলী সিরাজীর জন্য। আর দালানের এক কোনায় বসে একা অঝোরে নিঃশব্দে কেঁদে চলেছেন রুনা।গত পরশু রাতে ৪৩/১, নবাব কাটরার বাসিন্দা এই রুনারই বাগদান হওয়ার কথা ছিল হোসেনি দালানসংলগ্ন শিয়া গলির বাসিন্দা জামিলের সঙ্গে। রুনাদের ভাড়া বাড়িটিই অগ্নিকাণ্ডের প্রথম শিকার। আগুনে পুড়ে মারা গেছেন রুনা ও জামিলের পরিবারের ৩০ জন। গতকাল দুই পক্ষই এসেছে হোসেনি দালানে আত্মীয়দের মরদেহের সৎকার করতে।রুনা জানান, বৃহস্পতিবার রাতে জামিলদের বাড়ির অতিথিরা যখন আসতে শুরু করেছেন, এর মিনিট দশেক আগে রুনা বোন রত্নাকে নিয়ে পার্লারে সাজতে গিয়েছিলেন। মা কানিজ ফাতেমা হাতে ৫০০ টাকা গুঁজে দিয়ে বলেছিলেন, ‘যা সেজে আয়’। মেয়েদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন মা। অভাবের সংসার। স্বামী সুলেমান মিঞা মারা যাওয়ার পর দুই মেয়ে আর ছোট ছেলেটাকে নিয়ে বহু সংগ্রাম করতে হয়েছে। বড় মেয়ে রত্নার আগামী মাসে বিয়ে হওয়ার কথা, ছোট মেয়ে রুনাকেও একই সঙ্গে বিয়ে দেবেন। তাহলে একটু নিশ্চিন্ত হন। কিন্তু সে পর্যন্ত আর বেঁচে থাকেননি মা। রুনা ও রত্না বিউটি পার্লারে পৌঁছাতে না পৌঁছাতেই ফোন বেজে ওঠে। ছুটে আসেন দুই বোন। কিন্তু নিজেদের বাড়িতে আর যেতে পারেননি। পুরো এলাকায় তখন আগুনের তাণ্ডব। চাচাতো ভাই আলমগীর বোনদের নিজের কাছে নিয়ে আসেন। ততক্ষণে আলমগীর জেনে গেছেন কেউ নেই, কিন্তু রুনাকে জানাননি। সারা রাত পাগলের মতো প্রশ্ন করেছে মেয়েটি, ‘মা ভালো আছে তো। বাবা নেই, মা চলে গেলে আমরা কোথায় যাব?’ একসময় ভোর হয়। ততক্ষণে লাশ এসে পৌঁছেছে হোসেনি দালানে। আলমগীর বোনদের সঙ্গে নিয়ে মুখোমুখি করান কঠিন বাস্তবতার। রুনা দেখলেন সারবাঁধা লাশ—মা কানিজ ফাতেমা, দুই খালা আফরোজা ও সাজেদা, খালাতো ভাইবোন, চাচাতো বোন, বোনের ছেলে, রত্নার দেবর অনীকসহ সব নিকটাত্মীয়। জানতে পারেন, তাঁদের পাঁচতলা বাড়ি থেকে এক রাতে উদ্ধার হয়েছে ৪১টি লাশ। রুনার ছোট খালা প্রাণ বাঁচাতে সোফার তলায় আশ্রয় নিয়েছিলেন। সেখানেই প্রাণ হারান তিনি।একই সঙ্গে অগ্নিদগ্ধ হয়ে মারা যান রুনার হবু শাশুড়ি ও জামিলের মা শেহজাদী বেগম, চাচি, ভাই, ভাইয়ের ছেলে। রুনা এখন ভীষণ অসহায়। বাবা নেই, মা নেই। মাথায় হাত রেখে আশ্বস্ত করতে পারেন এমন কোনো অভিভাবক নেই। চলে গেছেন পরিচিত পাড়া-প্রতিবেশীদেরও অনেকে। স্কুলের বন্ধুবান্ধবের কাছ থেকে বারবার খোঁজ নিচ্ছিলেন পরিচিতজনদের। সব হারানোর শোকের সঙ্গে এখন রুনার জীবনে যুক্ত হয়েছে অভিভাবকহীন পথচলার আশঙ্কা।