শুভর সূচনা
শহরে নতুন বছরকে আহ্বান করা হয় শুধু পয়লা বৈশাখে। আর গ্রামবাংলায় নতুন বছরকে আহ্বান করা হয় পুরোনো বছরকে বিদায় জানানোর মধ্য দিয়ে। চৈত্র মাসের মাঝামাঝি থেকে শেষ দিন পর্যন্ত গ্রামবাংলায় বর্ষবিদায়ের আয়োজন চলে। এই আয়োজনে কেউ কেউ শিব-পার্বতী বা হর-গৌরি সেজে একদল ঢুলি, করতাল, কাসিবাদক সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে নৃত্যগীত পরিবেশন করে। কেউ আবার গ্রামের পথে পথে ঘুরে বেড়ায় রাধা-কৃষ্ণ সেজে বাঁশের বাঁশি হাতে। চৈত্রের শেষ দিন সন্ধ্যায় সূর্যাস্তের মুহূর্তে অনুষ্ঠিত হয় চড়ক।বৈশাখের শুভসূচনা ও বর্ষবিদায় উপলক্ষে গ্রামবাংলায় পালন করা হয় নানা আচার। পরিচয় নেওয়া যাক তার কয়েকটির।তেতো আর টকগ্রামেগঞ্জে চৈত্রের শেষ দিনে এখনো রয়ে গেছে ভাতের সঙ্গে তেতো খাওয়ার চল। উদ্দেশ্য, তেতো খাওয়ানোর মাধ্যমে অসুখ-বিসুখ নাশ করে শরীর রোগবালাইমুক্ত করে তোলা। বছর শেষে তাই কদর বেড়ে যায় থানকুনি, নিমপাতা আর করলার। নববর্ষের প্রথম দিন খাওয়ানো হয় আমডাল বা তেঁতুলের আচারের মতো টকজাতীয় খাবার; শরীরের রক্ত পরিচ্ছন্ন করে তোলার জন্য।গ্রামের মানুষের সহজ জীবনে আগে প্রয়োজন সুস্থতা আর স্বস্তি। কারণ তাকে গায়ে খেটে ফলাতে হবে শস্য। আর শস্য উদ্গমের সৃষ্টিরহস্য তাদের টেনে আনে প্রেম, ভক্তি আর শক্তির উপলব্ধির কাছে; এসবের প্রতীক বিচিত্র দেবদেবীর কাছে। এই দেবদেবীর কাছে তারা নিবেদন করে তাদের অর্ঘ্য—যা তাদের ভাষায় চড়ক, গমীরা, অষ্টক বা দণ্ডনাচ।অদ্ভুত সব প্রাণীবাঙালির বর্ষবিদায় ও বর্ষসূচনার বিশেষ এক উদ্যাপনরীতি চড়ক ঘোরানো। চড়কের মাঠ এক রোমহর্ষক অভিজ্ঞতার ক্ষেত্র। সেখানে মুখোশপরা বাঘের সঙ্গে হাজির হয় অদ্ভুত সব প্রাণী, পুরাণের চরিত্র ও ভূত-প্রেতের দল। সারা গায়ে কালি মেখে বিশালকায় তরবারি হাতে ঘোরাফেরা করে রাবণ। সারা গায়ে পাটের আঁশ বেঁধে মুখোশ পরে রামায়ণ-এর হনুমানচরিত্রে অবতীর্ণ হয় কেউ। পাটকাঠির তীর-ধনুক নিয়ে রাম, লক্ষ্মণ ও তাদের সৈন্যসামন্তের ভূমিকায় সারা মাঠে যুদ্ধের মহড়া দেয় ছোট ছোট বালক। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ঝিনাইদহ, কুষ্টিয়া, শ্রীমঙ্গল, নোয়াখালী অঞ্চলে কম-বেশি চড়কের দেখা মেলে।পাখি মাছ ঘোড়াউত্তরবঙ্গের পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন গ্রামে চৈত্র শেষ হওয়ার পাঁচ-সাত দিন আগে থেকে একদল তরুণ বিভিন্ন পশু, পাখি ও মাছের প্রতিকৃতি তৈরি করে নৃত্যগীত করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। এ পরিবেশনাকে তারা বলে গমীরা। পশু, পাখি ও মাছ ছাড়াও গমীরায় হাঁস ও ঘোড়ার প্রতিকৃতি ব্যবহার করা হয়। বেদে-বেদেনিচৈত্র মাসের শেষ দিন টাঙ্গাইল অঞ্চলের গ্রামে গ্রামে বেরোয় বেদের নাচের দল। গ্রামের সাধারণ কৃষক ও ছোট ছোট পেশাজীবী বাঙালি বেদে-বেদেনি সেজে ঢোল, করতাল, হারমোনিয়াম কাঁধে ঝুলিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেদে গান ও নাচ পরিবেশন করে থাকে। একেকটি বেদে নাচের দলে এক থেকে দুজন থাকেন বেদেনি, বাকিরা বেদে। সাধারণত ছেলেরাই রংচঙে শাড়ি পরে মেয়ে সেজে বেদেনির ভূমিকায় নামে। বেদেদের পোশাক হয় বিচিত্র। কেউ হন ঝোলা হাতে ভিক্ষাজীবী, কেউ পরেন ছেঁড়া লুঙ্গি, গেঞ্জি, কটি, জামা ইত্যাদি। তাদের সঙ্গে ছাতা থাকে বটে, তবে তাতে কোনো ছাউনি থাকে না। প্রণয়লীলাবাংলা বর্ষবিদায়ের আয়োজন হিসেবে অষ্টক পরিবেশন করা হয় ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর ও নড়াইল অঞ্চলের প্রত্যন্ত গ্রামে। অষ্টক গানে সাধারণত শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার প্রণয়লীলা ও লোকপুরাণের ওপর ভিত্তি করে গীতিনৃত্য পরিবেশন করা হয়। ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর অঞ্চলে এ জাতীয় পরিবেশনায় কৃষ্ণ, রাধা ও রাধার সখী সেজে দুই দলে ভাগ হয়ে গীতিনৃত্যসহযোগে রাধা-কৃষ্ণের অষ্টক অভিনয় করে গ্রামীণ তরুণেরা। তবে নড়াইল অঞ্চলে অষ্টক পালায় এখনো রাধা ও সখীদের ভূমিকায় কিশোরীরাই অভিনয় করে থাকে।চৈত্র মাসের শেষ সপ্তাহে কুশীলবেরা কাঁধে হারমোনিয়াম ও খোল ঝুলিয়ে, করতাল হাতে নিয়ে কৃষ্ণ, রাধা ও তার সখী সেজে, পায়ে ঘুঙুর বেঁধে গ্রামের বাড়ি বাড়িতে গিয়ে কখনো বাইরের বা ভেতরের উঠানে অষ্টক পরিবেশন করে। নাচ ও সন্ন্যাসদণ্ডনাচ সচল রেখেছেন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার চা-শ্রমিকেরা। চৈত্রের শেষ পনেরো দিন তাঁরা দণ্ডনাচ করেন। দণ্ডনাচের শিল্পীরা আসলে চৈত্রের শেষার্ধে পালন করেন সন্ন্যাসব্রত। সাদা বস্ত্র পরে, একখণ্ড লাল সালু মাথায় বেঁধে তাঁরা ঘর থেকে বেরিয়ে পড়েন নগ্ন পায়ে। অভিনয়ের উপকরণ হিসেবে সঙ্গে থাকে শুধু ত্রিশূল, লাঠি, তরবারি, চাকু, কোদাল, ঝাড়ু, তীর-ধনুক, পরবা (মা কালীর প্রভা), ময়ূর-পালক, পিচবোর্ডে তৈরি দুর্গার হাত, প্রদীপপাত্র, ঝুড়ি, চড়িয়া পাসব ইত্যাদি। আর থাকে বাদ্যযন্ত্র। চারদিক খোলা নৃত্যমন্দিরের মাঝখানে তাঁরা দণ্ডনাচ করেন।